১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রকৌশল গুচ্ছের তিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১৭ জুন

তিন বিশ্ববিদ্যালয়ে মোট ৩২৩১টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে এ বছর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2023, 02:18 PM

Updated : 26 Apr 2023, 02:57 PM

প্রকৌশল গুচ্ছের তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে আগামী ১৭ জুন; তার আগে আবেদন শুরু হবে ১০ মে থেকে।

এই তিন বিশ্ববিদ্যালয় হল- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।

বুধবার চুয়েট এর সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) মুহাম্মদ রাশেদুল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

তিনি জানান, মঙ্গলবার চুয়েট-কুয়েট-রুয়েট কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভায় ভর্তি কার্যক্রমের তারিখ চূড়ান্ত করা হয়।

চুয়েটের পুরকৌশল অনুষদের ডিন ও প্রকৌশল গুচ্ছের চুয়েটের প্রতিনিধিত্বকারী অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম ওই সভায় উপস্থিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এ তিন বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের লেভেল-১ এর ভর্তি পরীক্ষা ১৭ জুন শনিবার একযোগে স্ব-স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

আগামী ১০ মে সকাল ৯টা থেকে অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হবে এবং আগামী ২২ মে রাত ১২টায় শেষ হবে। আবেদন করা যাবে https://www.admissionckruet.ac.bd/ ওয়েবসাইট থেকে।

আবেদনকারীর মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের রোল নম্বর ও পরীক্ষা কেন্দ্রসহ নামের তালিকা প্রকাশ করা হবে আগামী ৩ জুন। আর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মেধাতালিকা প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে ৮ জুলাই।

এবার চুয়েটে নিয়মিত ৯২০টি আসন ও সংরক্ষিত ১১টিসহ মোট ৯৩১টি আসনে শিক্ষার্থী ভর্তি হবে। কুয়েটে নিয়মিত ১০৬০টি ও সংরক্ষিত ৫টিসহ মোট ১০৬৫টি আসনে এবং রুয়েটে নিয়মিত ১২৩০টি ও ৫টিসহ মোট ১২৩৫টি আসনে ভর্তি হতে পারবেন ছাত্রছাত্রীরা।

তিন বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ৩২১০টি ও সংরক্ষিত ২১টিসহ সর্বমোট ৩২৩১টি আসনে ভর্তি পরীক্ষা হবে।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে ২০২২ সালের উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪.০০ বা সমতুল্য গ্রেড পেয়ে পাস করতে হবে; অথবা ২০২১ সালের নভেম্বর বা তারপরে GCE ‘A’ লেভেল সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে।

এছাড়া গণিত, পদার্থবিজ্ঞান, রসায়নে আলাদাভাবে গ্রেড পয়েন্ট ৫.০০ পেতে হবে। অর্থাৎ এই তিন বিষয়ে মোট গ্রেড পয়েন্ট ১৫.০০ হতে হবে। আর ইংরেজিতে গ্রেড পয়েন্ট হতে হবে কমপক্ষে ৪.০০। ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের ক্ষেত্রেও এসব বিষয়ে সমতুল্য গ্রেড পয়েন্ট পেতে হবে।

‘ক’ গ্রুপে ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ; ‘খ’ গ্রুপে ইঞ্জিনিয়ারিং বিভাগ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ– এই দুই গ্রুপে ভর্তি পরীক্ষা হবে।

'ক' গ্রুপের আবেদন ফি ১২০০ টাকা এবং 'খ' গ্রুপের আবেদন ফি ১৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।