১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ব্যবসায়ী মুজিবুরের বাড়ি লক্ষ্য করে গুলি: অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩

সন্ত্রাসীরা থানা থেকে লুট করা পিস্তল, রিভলবার ব্যবহার করেছিল, বলেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2026, 02:13 AM

Updated : 26 Aug 2026, 03:08 PM

চট্টগ্রামে সাবেক সংসদ সদস্য ও ব্যবসায়ী মুজিবুর রহমানের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার ও তিনজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।

মঙ্গলবার চট্টগ্রাম নগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তাদের অভিযানে বিদেশি রিভলবার, পিস্তল ও এসএমজি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে।

পুলিশ কর্মকর্তারা বলেছে, এসব অস্ত্র মুজিবুর রহমানের বাসায় গুলি ছোড়ার ঘটনায় ব্যবহৃত হয়েছিল। উদ্ধার করা রিভলবার ও পিস্তল নগরের দুটি থানা থেকে লুট করা হয়েছিল। আর এসএমজি বা সাবমেশিন গানটি ‘পাহাড়ি সন্ত্রাসীদের’ কাছ থেকে কেনা।

গ্রেপ্তার তিনজন হলেন- আব্দুল কাইয়ুম চৌধুরী ওরফে রিমন ওরফে ইমন, মো. মনির ও মো. সায়েম।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে সিএমপির অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক সাংবাদিকদের জানান, চকবাজার থানা পুলিশের একটি দল সোমবার কাইয়ুমকে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তির ভিত্তিতে চকবাজার এলাকা থেকে থ্রি টু বোরের একটি বিদেশি রিভলভার ও নয় রাউন্ড গুলি উদ্ধার করে।

পরে তার দেওয়া তথ্যে পাঁচলাইশ থানা পুলিশের একটি দল ব্রাজিলিয়ান টরাস নাইন এম এম পিস্তল এবং ১টি মোটর সাইকেলসহ মনিরকে গ্রেপ্তার করে।

উদ্ধার করা অস্ত্র দুইটির মধ্যে রিভলবারটি পাহাড়তলী থানা ও পিস্তলটি ডবলমুরিং থানা থেকে লুট করা অস্ত্র বলে দাবি করেন অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক।

এদিকে মনিরের দেয়া তথ্যে  ভোরে বায়েজিদ বোস্তামী থানা এলাকা হতে তার সহযোগী সায়েমকে গ্রেফতার করে এবং তার তথ্যে খুলশী থানা এলাকা থেকে  এসএমজি, দুইটি ম্যাগাজিন এবং ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অতিরিক্ত কমিশনার ওয়াহিদুলের দাবি, গ্রেপ্তার তিনজন বিদেশে পালিয়ে থাকা সন্ত্রাসী বড় সাজ্জাদের ‘অনুসারী’।  বড় সাজ্জাদের ‘নির্দেশে’ তারা খুন, ডাকাতি, চাঁদাবাজি ও বালুমহাল নিয়ন্ত্রণে সশস্ত্রভাবে অংশগ্রহণ করে থাকে।

গ্রেপ্তার কাইয়ুমের সমন্বয় ও পরিকল্পনায় সম্প্রতি চন্দনপুরায় ব্যবসায়ী মুজিবুর রহমানের বাড়িতে চাঁদার জন্য গুলি ছোড়া হয়েছিল।

অতিরিক্ত কমিশনার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা বলেছেন উদ্ধার করা তিনটি অস্ত্র মুজিবুরের বাসায় গুলি ছুড়তে ব্যবহার করা হয়েছিল।

“বিষয়টি ব্যালিস্টিক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হবে।”

হুলিয়া নিয়ে পালিয়ে বিদেশে, 'চাঁদাবাজি' দেশে 

চট্টগ্রামে 'চাঁদা না পেয়ে' ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রামে ‘বড় সাজ্জাদ’ এর নামে ফোন, ‘চাঁদা না পেয়ে’ ব্যবসায়ীর বাড়িতে গুলি

ব্যবসায়ী মুজিবুরের বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে ‘বড় সাজ্জাদের’ অনুসারীরা: পুলিশ