২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের বে টার্মিনালের কাশবন থেকে যুবকের লাশ উদ্ধার

পুলিশ বলছে, “প্রাথমিকভাবে মনে হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শামীমের মৃত্যু হয়েছে।”

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2025, 05:47 PM

Updated : 26 Aug 2026, 02:31 PM

চট্টগ্রামের বে টার্মিনাল এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ, যার শরীরে জখমের চিহ্ন মিলেছে। 

নগরীর আনন্দবাজার আউটার রিং রোড সংলগ্ন বে টার্মিনালের প্রস্তাবিত স্থানের কাশবন থেকে রোববার ২৬ বছর বয়সী শামীম মাকসুদ খান জয়ের লাশ উদ্ধার করা হয়। জয় ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক সম্পন্ন করেছেন।

নগর পুলিশের সহকারী কমিশনার (বন্দর জোন) মাহমুদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে হালিশহর থানা পুলিশ প্রথমে শামীমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

“এলাকাটি হালিশহর ও বন্দর থানার সীমান্তবর্তী। হালিশহর থানা পুলিশ শামীমকে উদ্ধার করলেও পরে বন্দর থানা পুলিশকে হস্তান্তর করে। ঘটনাটি এখন বন্দর থানা তদন্ত করছে।”

সহকারী কমিশনার মাহমুদুল বলেন, স্থানীয় এক ব্যক্তি শামীমকে জীবিত অবস্থায় দেখতে পেয়েছিলেন বলে পুলিশকে জানিয়েছেন। ওই সময় শামীম কাশবান থেকে বের হওয়ার চেষ্টা করছিল বলে দেখেছেন তিনি। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

তিনি বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শামীমের মৃত্যু হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি জানতে ময়নাতদন্ত প্রতিবেদন প্রয়োজন। পাশাপাশি পুলিশও মৃত্যুর কারণ খুঁজতে তদন্তে করছে।” 

বরিশাল বাড়ি হলেও শামীম নগরীর বড়পুল এলাকায় পরিবারের সাথে থাকতেন। রোববার দুপুরে তিনি বাসা থেকে বের হয়েছিলেন। রাত ২টার দিকে পরিবারের সদস্যরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে শামীমের লাশ শনাক্ত করে বলে জানিয়েছে পুলিশ।