দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান চট্টগ্রামের মেয়র
ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।
দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চেয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন।
রোববার নগরীরর টাইগারপাসে চসিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সঙ্গে মতবিনিময়ে তিনি এই ইচ্ছা তুলে ধরেন।
সিটি করপোরেশনের জনসংযোগ শাখা থেকে বলা হয়, এদিন ইইউ পর্যবেক্ষণ মিশনের সদস্য সুজান জিন্ডেল ও মো. মাসুক হায়দার মেয়রের সঙ্গে মতবিনিময় করতে আসেন।
স্থানীয় সরকারি নির্বাচনের সম্ভাবনা নিয়ে প্রতিনিধিদলের প্রশ্নের জবাবে নিজেকে দেশের ‘একমাত্র নির্বাচিত’ মেয়র উল্লেখ করে বিএনপি নেতা শাহাদাত বলেন, “২০২১ সালের চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জালিয়াতির মাধ্যমে আমাকে হারিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে আদালতের রায়ে আমি মেয়র হিসেবে দায়িত্ব পালন করছি।
“অন্যান্য সিটি করপোরেশনে নির্বাচিত জনপ্রতিনিধিরা দায়িত্ব পালন করছেন না। মেয়র না থাকায় আপাতত প্রশাসক দিয়ে সেগুলো পরিচালিত হচ্ছে।”
স্থানীয় পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং নগরবাসীর সেবা প্রদান চ্যালেঞ্জিং হয়ে পড়েছে মন্তব্য করে তিনি বলেন, “স্থানীয় জনপ্রতিনিধি নিজ নিজ এলাকার সমস্যাগুলো সম্পর্কে অবহিত থাকেন, ফলে তার পক্ষে সেগুলো সমাধান করা সহজ হয়।”
প্রতিনিধি দলটি জানায়, নির্বাচনি প্রক্রিয়া পুরোপুরি শেষ হওয়ার পর তারা অংশীজনদের কাছে একটি বিস্তারিত চূড়ান্ত প্রতিবেদন পেশ করবে। এই প্রতিবেদনে ভবিষ্যৎ নির্বাচনি ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশও থাকবে এবং এটি মিশনের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে।
