Published : 31 Jan 2026, 12:20 PM
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন শ্রমিক-কর্মচারীরা।
চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের ডাকা এ কর্মবিরতির কারণে বন্দরে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। শনিবার সকাল ৮টা থেকে ডাকা এ কর্মবিরতিতে বন্দরের স্থায়ী কর্মচারী ও বেসরকারি শ্রমিকরা কাজে বিরতি দিয়েছেন।
বন্দরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শ্রমিকদলের কর্মবিরতির কারণে বিভিন্ন কার্গো বাথে, সিসিটি ও এনসিটিতে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। তবে জাহাজের অপারেশনাল কার্যক্রম স্বাভাবিক বলে তাদের ভাষ্য।
চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইব্রাহীম খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল থেকেই বন্দরের শ্রমিক-কর্মচারীরা কোনো প্রকার কাজ করছে না। বন্দরের কোনো যন্ত্রপাতি সকাল থেকে চলেনি।”

বিকাল ৪টা পর্যন্ত এ কর্মসূচি চলবে জানিয়ে তিনি বলেন, “এনসিটিকে বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আমরা রোববারও একইসময়ে কর্মবিরতি পালন করব।”
চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল থেকে বন্দরের বিভিন্ন গেইটে কিছূ লোক অবস্থান নিয়ে বিক্ষোভ করে। তবে বন্দরের ভেতরে জাহাজের স্বাভাবিক কার্যক্রম হচ্ছে, চ্যানেলেও কোনো সমস্যা নেই।

তিনি বলেন, “আজকে শনিবার হওয়ায় প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে এবং বন্দর থেকে পণ্য ডেলিভারি কিছুটা দেরিতে শুরু হয়। বেলা বাড়ার পর পরিস্থিতি বোঝা যাবে।”
নিউমুরিং কন্টেইনার টার্মিনাল সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওর্য়াল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গত বৃহস্পতিবার দুইদিনের এ কর্মসূচির ঘোষণা দেয় বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদও (স্কপ) এ কর্মবিরতিতে সমর্থন জানায়।

গত বৃহস্পতিবার বন্দর ভবনের ভেতরেও তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
এর জেরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এক অফিস আদেশে এ আন্দোলনে নামা কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেয়।