২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ‘ছিনতাইকারী সন্দেহে’ যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

দশ-বারো জন লোক ইকবালকে পিটিয়ে হত্যা করে, বলছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2025, 08:40 PM

Updated : 26 Aug 2026, 01:27 PM

চট্টগ্রামে ‘ছিনতাইকারী সন্দেহে’ এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।

নগরীর চান্দগাঁও থানার কালুরঘাট খেজুরতলা এলাকায় শুক্রবার ভোরের এ ঘটনা মামলা-গ্রেপ্তারের পর শনিবার জানাজানি হয়েছে।

নিহত ইকবাল হোসেন রুবেল (৩৫) খেজুরতলা গণি কোম্পানি বাড়ির বাসিন্দা। গ্রেপ্তার দুজন হলেন মো. হাসান (২৫) ও রুহুল আমিন (৫৫)।

চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন বলেন, “খেজুরতলা সাফা মোতালেব কলেজ সড়কে শুক্রবার ভোরে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারী সন্দেহে ১০/১২ জন লোক ইকবালকে পিটিয়ে খুন করে।”

এ ঘটনায় নিহতের ছোট বোন চান্দগাঁও থানায় ১২ জনের নামে মামলা করেন। গ্রেপ্তার হাসান মামলার এক নম্বর আসামি, আর রুহুল আমিন ১২ নম্বর আসামি।