উচ্চমূল্যে তেল-গ্যাস কিনে কতদিন চলা যাবে, ‘ভাবাচ্ছে’ অর্থমন্ত্রীকে
“তেলের দাম বাড়লে সারের দাম বাড়বে, খাদ্যপণ্যের দাম বাড়বে। মূল্যস্ফীতিতে তো প্রভাব পড়বেই,” বলেন তিনি।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে উচ্চমূল্যে জ্বালানি তেল কিনতে হওয়ায় সরকারি তহবিলে ‘বিশাল চাপ সৃষ্টি’ হওয়ার কথা বলেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
কিন্ত উচ্চমূল্যে তেল-গ্যাস কিনে কতদিন চলা যাবে, তাও ‘ভাবাচ্ছে’ তাকে।
শুক্রবার বিকালে চট্টগ্রামে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মন্ত্রী।
জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের গৃহীত পদক্ষেপ বিষয়ে জানতে চাইলে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে, এই সংকট শুধু বাংলাদেশের একার সংকট নয়, এটা সারা বিশ্বের সংকট। বিশেষ করে ওই অঞ্চল থেকে তেলবাহী জাহাজগুলো আসে এবং তাদের ওখান থেকে তেল-গ্যাস বিশেষ করে, বাংলাদেশে অধিকাংশ তেল-গ্যাস ওখান থেকে আসে।
“সুতরাং ওখানে যুদ্ধের অর্থ হল, আমাদের সাপ্লাই চেইন ওখান থেকে অনেকটা বন্ধ হয়ে যাওয়ার মতো। এটাকে মোকাবেলা করার জন্যে আমার সারা বিশ্ব থেকে তেল-গ্যাস আমদানির প্রক্রিয়া চালাচ্ছি। ইতিমধ্যে বিভিন্ন দেশ থেকে আমাদের তেল-গ্যাস কেনা হচ্ছে হচ্ছে।”
তিনি বলেন, “আমাদেরকে প্রথমে আমাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হচ্ছে। যদিও অনেক বেশি দামে কিনতে হচ্ছে। এবং এটা বাংলাদেশের সরকারি তহবিলের উপর বিশাল চাপ সৃষ্টি করছে। কিন্তু আমাদের কোনো বিকল্প নেই। কারণ আমরা জ্বালানি নিরাপত্তার উপর কোনো ধরনের আপস করতে পারব না।
“জ্বালানি নিরাপত্তায় আপস করার অর্থ হল, মিল-ফ্যাক্টরি, মানুষের দৈনন্দিন জীবনে উৎপাদন থেকে শুরু করে সবকিছু বন্ধ হয়ে যাওয়া। এমনকি কৃষিও ভুগবে।”
আমির খসরু বলেন, “এখনো পর্যন্ত যেভাবে আমাদের ক্রয়গুলো চলছে, জাহাজগুলো আসছে, আমরা কোনো সমস্যার মধ্যে নেই এবং সেটা আপনারা দেখতে পাচ্ছেন। ঈদের সময় সবাই পরিবহনের মাধ্যমে বাড়ি গিয়েছে এবং আবার ফিরে এসেছে। মিল ফ্যাক্টরিগুলো এখনো চলছে আগের মতো করে।
“কিন্ত সমস্যা হচ্ছে এই যে উচ্চমূল্যে তেল গ্যাস কিনে আমরা কতদিন চলতে পারব? এটা তো সরকারের তহবিলকে প্রতিনিয়ত ক্ষয় করে ফেলতেছে। প্রতিনিয়ত যে হারে আমাদের উচ্চহারে কিনতে হচ্ছে, এটা আমাদের সার্বিক বাজেট বলেন, দেশের উন্নয়ন কর্মকাণ্ড বলেন, সাধারণ মানুষকে সামাজিকভাবে সহায়তা করার যে ওয়াদাগুলো আমরা করেছি এগুলোর ওপর প্রভাব আসবে, যদি এভাবে চলতে থাকে।”
ইরান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। প্রতিদিন পেট্রোল পাম্পগুলোতে তেলের জন্য যানবাহনের দীর্ঘ লাইন চোখে পড়ছে। এর মধ্যে অবৈধভাবে জ্বালানি মজুদ সরকারকে চিন্তায় ফেলেছে, যে কারণে মজুদদারি বন্ধে সারাদেশে অভিযান চালাচ্ছে। তাতে গত এক মাসে পৌনে ৪ লাখ লিটার তেল জব্দ হয়েছে।
জ্বালানির সংকট নেই বলে আশ্বস্ত করার পাশাপাশি সরবরাহের ক্ষেত্রে চাপ নিরসনে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। এছাড়া সাশ্রয়ী ব্যবস্থা হিসেবে সরকারি অফিসের সময় এক ঘণ্টা কমানো এবং দোকানপাট সন্ধ্যা ৬টার পর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
‘অনেকগুলো সাশ্রয়ী’ কর্মসূচি দেওয়া কথা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, “গতকাল ক্যাবিনেট মিটিং থেকে বলা হয়েছে। সাশ্রয়ের প্রোগ্রামে আমরা সবাই অর্ন্তভুক্ত। আমারও তেল রেশনিং হয়ে গেছে আজকে থেকে। থার্টি পারসেন্ট তেল রেশনিং।
“আমাকে বলা হয়েছে এই তেল পাবেন এর থেকে যদি বেশি হয় আপনার নিজে কিনতে হবে।”
প্রতিটি ক্ষেত্রে মন্ত্রী থেকে শুরু করে সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা সবার ক্ষেত্রেই এই সাশ্রয়ী ব্যবস্থা নেওয়ার হয়েছে বলে তুলে ধরেন তিনি।
জ্বালানির দাম নিয়ে আলোচনা হওয়ার কথা তুলে ধরে আমির খসরু বলেন, “এটা আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি শিগগির। কারণ সরকারি তহবিল যদি এভাবে উচ্চমূল্যে ক্রয়ের মাধ্যমে খালি হয়ে যায় তাহলে তো আমরা জনগণের কাছে যে কথাগুলো বলেছি, সমাধানের কথা বলেছি, সমাধানগুলো দিতে পারব না। সেটা আমরা বিবেচনায় রাখছি। সেটা হয়ত সহসা কোনো একটা সিদ্ধান্ত আসবে।”
জ্বালানি তেলের দাম বাড়লে এর প্রভাব মূল্যস্ফীতিতে পড়বে কিনা জানতে চাইলে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “তেলের দাম বাড়লে সারের দাম বাড়বে, খাদ্যপণ্যের দাম বাড়বে। মূল্যস্ফীতিতে তো প্রভাব পড়বেই। বাংলাদেশে বরং অনেক ভালো আছি আমরা। আমেরিকায় তেলের দাম ১০০ গুণ বেড়ে গেছে। আমরা কিন্তু তেলের দাম এখনো বাড়াইনি। ডিজেলের দাম বাড়াইনি।
“সুতরাং বাংলাদেশ একমাত্র দেশ যে এখনো কোন মূল্য আমরা বাড়াইনি। কিন্তু এভাবে তো চলতে পারবে না হয়তো একটা পর্যায়ে গিয়ে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে দেশের অর্থনীতিকে চলমান রাখার জন্য হয়তো সিদ্ধান্ত নিতে হবে।”
‘বড় পরিবর্তন আসবে পুঁজিবাজারে’
পুঁজিবাজারের সমস্যা নিরসনে সরকার কী উদ্যোগ নিচ্ছে, এ প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, “পুঁজিবাজারের সমস্যার বিষয়ে শিগগির শুনতে পাবেন। পুঁজিবাজারে বড় ধরনের পরিবর্তন আসবে। আমরা পুঁজিবাজারকে একটি সত্যিকার অর্থে বিনিয়োগকারীদের জন্য এবং পুঁজিবাজারের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নের যে কর্মসূচি সেটা আমার শিগগিরই বাস্তবায়ন করব।
“আমরা বিশ্বাস করি এরপরে বিনিয়োগকারীরাও স্বস্তি পাবেন। যারা লিস্টেড কোম্পানি তারাও স্বস্তি পাবে। বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে সবাই যে ব্যাংকের থেকে টাকা নিয়ে ব্যাংকের যে সমস্যার সৃষ্টি করছে, এটা যেন আগামীতে না হয়। বড় বড় বিনিয়োগগুলো যাতে পুঁজিবাজারের দিকে আসে। এটা এতদিন বাংলাদেশে ছিল না।”
এ কারণে ব্যাংকগুলো চাপের মধ্যে পড়েছিল মন্তব্য করে তিনি বলেন, “অনেকগুলো ব্যাংকের অবস্থা নেহায়েত খারাপ। সুতরাং পুঁজিবাজারকে আমরা এর সঠিক জায়গায় নিয়ে গিয়ে, আমরা একদিকে বিনিয়োগের জন্যে সুযোগ সুবিধা সৃষ্টি করব। পুঁজিবাজারে যারা বিনিয়োগ করবেন তাদের জন্যে সুযোগ সুবিধা সৃষ্টি হবে। বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।”
কোরিয়ান ইপিজেডে ইয়ংওয়ান করপোরেশন মিলনায়তনে ‘ইয়ংওয়ান-সিআইইউ একাডেমিক এক্সিলেন্স স্কলারশিপ প্রোগ্রাম’ এর আওতায় অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন অর্থমন্ত্রী।
অনুষ্ঠানে চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) ১৬ জন শিক্ষার্থীকে ১ কোটি ৯ লাখ ৬০ হাজার টাকা বৃত্তি দেয় কোরিয়ান শিল্পগোষ্ঠী ইয়ংওয়ান করপোরেশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সম্মানিত অতিথি ছিলেন ইয়ংওয়ান করপোরেশন ও কোরিয়ান ইপিজেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কিহাক সুং।
সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লুৎফে এম আইয়ুব এবং সদস্য সৈয়দ মাহমুদুল হক ও কোরিয়ান ইপিজেডের ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ শাহজাহান।
