Published : 24 May 2026, 01:40 PM
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী সমুদ্র সৈকতে একদিন আগে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে।
রোববার সকাল ৯টার দিকে ১৮ বছর বয়সি মোহাম্মদ রিফাত হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।
রিফাতের বাড়ি রাজবাড়ী জেলায়। তার বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিসের সীতাকুণ্ডের স্টেশন অফিসার বেলাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সৈকতের যে অংশে রিফাত হোসেন ভেসে গিয়েছিলেন তা থেকে ২০০ মিটার দক্ষিণে তার মরদেহ ভেসে উঠে। সেখান থেকে উদ্ধার করে লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
“বন্ধুদের সাথে গুলিয়াখালী সৈকতে বেড়াতে এসেছিল বলে জেনেছি। তবে তার পরিবারের সাথে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি।”
এর আগে শনিবার বিকাল ৫টার দিকে গুলিয়াখালী সৈকতে গোসল করতে নামে পাঁচজন পর্যটক। বড় ঢেউয়ে ভেসে গেলে তাদের উদ্ধারে এগিয়ে আসে স্থানীয়রা। তারা সাগরে নেমে চারজনকে উদ্ধার করতে পারলেও রিফাত হোসেনকে উদ্ধার করা সম্ভব হয়নি তখন।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শনিবার বিকালেই উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। পরে জোয়ারের পানি বাড়তে থাকায় রাত ৯টায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়।
রোববার সকালে আবার একযোগে উদ্ধার অভিযান শুরু করে নৌবাহিনী, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিস।