চট্টগ্রামে শুরু হয়েছে টাইফয়েডের টিকাদান
“অনেক সময় সাধারণ জ্বর ভেবে আমরা বুঝতে পারি না এটি টাইফয়েড। শিশুদের ক্ষেত্রে এটি দীর্ঘস্থায়ী হয়ে অঙ্গহানি পর্যন্ত ঘটাতে পারে। প্রতিরোধই সবচেয়ে বড় সুরক্ষা।”
সোয়া ৮ লাখের বেশি শিশুকে টাইফয়েডের টিকা দিতে চট্টগ্রামে শুরু হয়েছে টিকাদান কর্মসূচি।
রোববার সকালে নগরীর চন্দনপুরার গুল-এজার-বেগম মুসলিম সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এবং প্রবর্তক মোড়ে এই কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “শিশুরা জাতির ভবিষ্যত। তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হলে টিকাদান কর্মসূচি সফল করতে হবে। অভিভাবকদের অনুরোধ করছি, নির্ধারিত তারিখে শিশুদের টিকা দিতে নিয়ে আসুন।
“টাইফয়েড টিকা কেবল স্কুলপড়ুয়া নয়, স্কুলবহির্ভূত শিশুরও পাবে। তাই আমরা কমিউনিটি পর্যায়েও টিকাদান চালাব, যেন কোনো শিশু বাদ না যায়।”
মেয়র বলেন, “টাইফয়েড একটি অত্যন্ত মারাত্মক রোগ। অনেক সময় সাধারণ জ্বর ভেবে আমরা বুঝতে পারি না এটি টাইফয়েড। শিশুদের ক্ষেত্রে এটি দীর্ঘস্থায়ী হয়ে অঙ্গহানি পর্যন্ত ঘটাতে পারে। প্রতিরোধই সবচেয়ে বড় সুরক্ষা।
“অনেক অভিভাবক অজান্তে বারবার অ্যান্টিবায়োটিক পরিবর্তন করেন, যার ফলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হয়—এটি একটি বড় জনস্বাস্থ্য সমস্যা। তাই এই টিকাদান কার্যক্রম অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”
স্কুল পর্যায়ে ৩১ অক্টোবর পর্যন্ত এবং কমিউনিটি পর্যায়ে ১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত টাইফয়েডের টিকা দেওয়া হবে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতায় মোট ১৫৪৬টি স্কুল ও ৭৮৩টি আউটরিচ সাইটে প্রায় ৮ লাখ ২৯ হাজার ৩০১ শিশুকে টিকা দেওয়া হবে। এর মধ্যে স্কুল শিক্ষার্থী ৫ লাখ ৩১ হাজার ১৬৭ জন এবং স্কুলবহির্ভূত শিশু ২ লাখ ৯৬ হাজার ৭৮৪ জন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব মো. আশরাফুল আমিন, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা, রাশেদা আক্তার, ডা. হোসনে আরা বেগম, ডা. গোলাম বাকী মাসুদ, চট্টগ্রাম রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি ডা. মনিরুল ইসলাম রুবেল, ইউনিসেফের প্রতিনিধি ডা. সরোয়ার আলম, ডা. তপন কুমার চক্রবর্তী, ডা. ইফতার জাহান আঁখি, সমাজকল্যাণ কর্মকর্তা মামুনুর রশীদ, আবু সালেহ এবং প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল্লাহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের আয়োজনে, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।
