২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

চট্টগ্রাম শহরে ৮ বছরে সড়ক দুর্ঘটনায় ‘৬৬২ মৃত্যু’

২০টি উচ্চ ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে বড়পোল মোড়, অলংকার মোড়, সিইপিজেড গেইট ও সিটি গেইট রয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2025, 08:47 PM

Updated : 26 Aug 2026, 05:23 PM

চট্টগ্রাম শহরে আট বছরে সড়ক দুর্ঘটনায় অন্তত ৬৬২ জন মারা গেছে বলে এক প্রতিবেদনে জানানো হয়েছে। 

চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) ও চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে প্রকাশিত ‘চট্টগ্রাম সিটি রোড সেফটি রিপোর্ট ২০২৫‘ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। 

বুধবার দামপাড়া পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে এ প্রতিবেদন তুলে ধরা হয়। 

২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংগঠিত সড়ক দুর্ঘটনার পুলিশি তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন করা হয়েছে বলে সিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম ও অপারেশনস) মো. হুমায়ুন কবির। 

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী ও সিটি করপোরেশনের প্রধান প্রকৌশললি মো. আনিসুর রহমান সোহেল।

প্রতিবেদনে বলা হয়েছে, আট বছরে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ২৯ শতাংশ বেড়েছে। ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে প্রাণহানি বাড়ার পর ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত এটি প্রায় অপরিবর্তিত রয়েছে, যা নগরীর সড়ক নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে স্পষ্ট করে তোলে।

সিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, সবচেয়ে বেশি ঝুঁকিতে ছিলেন পথচারীরা। এই সময়ে পথচারী নিহত হয়েছেন ৩৬৩ জন, যা মোট নিহতের অর্ধেকেরও বেশি। পথচারীদের পর সবচেয়ে ঝুঁকিতে দুই ও তিন চাকার যানবাহনের যাত্রী ও চালকরা। এদের মধ্যে নিহতের সংখ্যা ১৯৫ জন।

প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার জন্য মহানগরীতে ২০টি উচ্চ ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে বড়পোল মোড়, অলংকার মোড়, সিইপিজেড গেইট, সিটি গেইট, নিউমার্কেট বাসস্টপ, কালামিয়া বাজার বাসস্টপ এবং সাগরিকা গোলচত্বর উল্লেখযোগ্য। 

এসব স্থান বিজ্ঞানভিত্তিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে ত্রুটি চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা দরকার বলে প্রতিবেদনে বলা হয়েছে। 

অনুষ্ঠানে হুমায়ূন কবির বলেন, সড়ক নিরাপত্তা কেবল আইন প্রয়োগের বিষয় নয়, এটি নগর পরিকল্পনা ও সড়ক নকশার সঙ্গেও ওতপ্রোতভ জড়িত। সাম্প্রতিক বছরগুলোতে সিএমপি রোড সেফটি সেল গঠন এবং রোড ক্র্যাশের তথ্য সংগ্রহে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রণয়নের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে, যা সড়ক নিরাপত্তায় গতি আনছে।

আনিসুর রহমান সোহেল বলেন, প্রতিবেদনের সুপারিশকে ভিত্তি করে সিএমপির সঙ্গে যৌথভাবে চট্টগ্রাম শহরের সড়ক নিরাপত্তা উন্নয়নে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নের পরিকল্পনা করছে করপোরেশন। 

ব্লুমবার্গ ফিলানথ্রপিসের ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস) কর্মসূচির আওতায় ‘চট্টগ্রাম সিটি রোড সেফটি রিপোর্ট ২০২৫‘ প্রস্তুত ও প্রকাশে সহায়তা করেছে বৈশ্বিক জনস্বাস্থ্য সংস্থা ভাইটাল স্ট্র্যাটেজিস। 

বিশ্বের ২৭টি শহর ও ২টি রাজ্যে চলমান বিআইজিআরএস কর্মসূচিতে অংশগ্রহণকারী শহরের মধ্যে একটি চট্টগ্রাম।