২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অব্যবস্থাপনার জন্য বন্দর একা দায়ী নয়: উপদেষ্টা

“এখানে এখনো ২০ বছরের পুরাতন কন্টেইনার, ১২ থেকে ১৪ বছরের গাড়ি পড়ে আছে। এভাবে চলতে থাকলে বন্দরের কার্যকারিতা বাড়ানো কোনভাবেই সম্ভব নয়।”

অব্যবস্থাপনার জন্য বন্দর একা দায়ী নয়: উপদেষ্টা
করে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2024, 09:20 PM

Updated : 26 Aug 2026, 10:37 AM

চট্টগ্রাম বন্দরকে বাংলাদেশের ‘লাইফ লাইন’ হিসেবে বর্ণনা করে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলছেন, এখানে যে ধরনের অব্যবস্থাপনা ছিল, তা দূর করা না গেলে আমদানি-রপ্তানি বাণিজ্য ‘হুমকির’ মুখে পড়বে। 

মঙ্গলবার চট্টগ্রাম বন্দর, পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, বে-টার্মিনাল এবং লালদিয়ার চর পরিদর্শন শেষে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল চত্বরে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি। 

উপদেষ্টা বলেন, “বন্দরের অব্যবস্থাপনার জন্য পোর্ট একা দায়ী নয়। এখানে এখনো ২০ বছরের পুরাতন কন্টেইনার, ১২ থেকে ১৪ বছরের গাড়ি পড়ে আছে। এভাবে চলতে থাকলে বন্দরের কার্যকারিতা বাড়ানো কোনভাবেই সম্ভব নয়। 

“পড়ে থাকা কন্টেইনার বা গাড়ি নিলাম করার কাজ এনবিআরের। আমি নোট নিয়েছি, কীভাবে এসব সমস্যা দ্রুত সমাধান করা যায়, এ নিয়ে এনবিআরের চেয়াম্যানের সাথে কথা বলব।”

তিনি বলেন, “প্রতিনিয়ত আমাদের আমদানি-রপ্তানি কার্যক্রম বেড়ে চলেছে। বহু বছর পরে এ কার্যক্রম বহুগুণে বেড়ে যাবে। বর্তমানে প্রতি কন্টেইনার হ্যান্ডেলিং এর জন্য আমরা প্রায় ১৮ ডলার পাচ্ছি। হ্যান্ডলিং কার্যক্রম বাড়লে আয় বহুগুণ বেড়ে যাবে। 

“তাছাড়া বে-টার্মিনালে বিনিয়োগ করার জন্য দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান অপেক্ষা করছে। বে-টার্মিনাল চালু হলে আমাদের আয় আরো বহুগুণে বোড়ে যাবে। তাই কোনভাবেই বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করা যাবে না।”

সাখাওয়াত বলেন, “চট্টগ্রাম বন্দরে অভিযোগ ছিল জাহাজ আনলোড করে বন্দর ছেড়ে যেতে বেশি সময় লাগে। সেজন্য আজকে আমি একটা জাহাজ পরিদর্শন করেছি এবং ক্যাপ্টেনের সাথে কথা বলেছি। তাদের মতে, ম্যানুয়ালি আনলোড করতে ৬ থেকে ৭ দিন সময় লাগে। 

“যদিও এখন আগের তুলনায় লোড-আনলোডের সময় অনেক কমে এসেছে। লোড-আনলোডে যদি অটোমেশন আনতে পারি, তাহলে এ সমস্যা সমাধান হবে। আমরা সে লক্ষ্যেই কাজ করছি।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “জাতীয় স্বার্থ ছাড়া আমরা কোনো বিদেশি বিনিয়োগ নিচ্ছি না। পতেঙ্গা কনটেইনার টার্মিনাল বিদেশি অপারেটরের (সৌদি আরবের আরএসজিটিআই) হাতে দেওয়া হলেও বন্দর আয় করছে। সেটা প্রত্যাশার চেয়ে বেশি। এখন কারো না কারো স্বার্থে এসব বিদেশি বিনিয়োগকে প্রশ্নবিদ্ধ করলে বাইরের কেউ (বিনিয়োগকারী) আসবে না।” 

নতুন করে নিউমুরিং টার্মিনালে বিদেশি বিনিয়োগের আলোচনা নিয়ে তিনি বলেন, “যে সিদ্ধান্ত নেওয়া হোক, খুব স্বচ্ছ হবে। আপনারা অপেক্ষা করেন। বন্দরের জন্য ভালো হলে এবং বন্দরের আয় বেশি হলে আমরা বিদেশি বিনিয়োগ নিয়ে চিন্তা করব।” 

বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।