চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সম্মেলন ১৮ সেপ্টেম্বর
এ নিয়ে ষষ্ঠবারের মত সম্মেলনের তারিখ ঘোষণা করা হল।
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সম্মেলনের জন্য ১৮ সেপ্টেম্বর তারিখ ঘোষণা করেছেন দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
বৃহস্পতিবার নগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন সম্মেলনের নতুন তারিখ ঘোষণা করেন।
এর আগে গত ১৯ মে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির আরেক সভায় অক্টোবরে সম্মেলন হবে বলে জানিয়েছিলেন। এ নিয়ে ষষ্ঠবারের মত সম্মেলনের তারিখ ঘোষণা করা হল।
তৃণমূলের বিভিন্ন ইউনিট, ওয়ার্ড ও থানা সম্মেলন নিয়ে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে বিভেদ দীর্ঘদিনের। এর আগেও একাধিকবার নগর কমিটির সম্মেলনের তারিখ ঘোষণার পরও তা হয়নি।
সবশেষ ২০ জুন নগর কমিটির বর্ধিত সভায় সদস্য সংগ্রহ, তৃণমূলের সম্মেলন এবং ত্যাগী নেতাকর্মীদের দলে ‘ঠাঁই না হওয়ার বিষয়ে বিতণ্ডায় জড়ান নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন এবং যুগ্ম সাধারণ সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী।
তবে বৃহস্পতিবারের সভায় সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী উপস্থিত ছিলেন না। জলাবদ্ধতা বিষয়ক মন্ত্রণালয়ের সভায় অংশ নেয়ার জন্য তিনি ঢাকায় আছেন। নগর কমিটির সহ-সভাপতি খোরশেদ আলম সুজনও বিদেশে থাকায় সভায় অনুপস্থিত ছিলেন।
বৃহস্পতিবারের সভায় আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক স্বপন ১৮ সেপ্টেম্বর নগর সম্মেলনের তারিখ ঘোষণা করে বলেন, “২৫ জুলাইয়ের মধ্যেই ইউনিট আওয়ামী লীগের অসমাপ্ত সম্মেলন করতেই হবে এবং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠানের ক্ষেত্রেও কার্যকর উদ্যোগ নিয়ে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে থানা আওয়ামী লীগের সম্মেলনগুলো সম্পন্ন করতে হবে।
“সম্মেলন অনুষ্ঠানের প্রস্তুতি ও উদ্যোগ গ্রহণের জন্য থানাভিত্তিক দায়িত্বপ্রাপ্ত মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিয়ে যে কমিটি গঠন করা হয়েছে তারা যদি সম্মেলন অনুষ্ঠানের ব্যাপারে অপারক ও ব্যর্থ হন তাহলে এই কমিটিগুলো বাতিল হিসেবে বিবেচিত হবে।”
স্বপন বলেন, “প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সারা দেশে তৃণমূল স্তরে নেতৃত্ব ঢেলে সাজানোর জন্য যে উদ্যোগ নিয়েছেন তাতে দায়িত্বপ্রাপ্ত কোন নেতা যদি ব্যর্থ হন তার যোগ্যতা ও দক্ষতা অবশ্যই প্রশ্নবিদ্ধ হবে এবং তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
“নেতৃত্ব যাচাই বাছাইয়ের ক্ষেত্রে যোগ্যতা, দক্ষতা, ত্যাগ-তিতিক্ষা ও দলীয় আদর্শের প্রতি আনুগত্যের বিষয়সহ সমাজে গ্রহণযোগ্যতার বিষয়টিকেও অগ্রাধিকার দেওয়া হবে। মনে রাখতে হবে নেতৃত্ব ও পদ-পদবীতে কোনো অবাঞ্ছিত ও জনগণের কাছে প্রশ্নবিদ্ধ কোনো ব্যক্তি যাতে আসীন হতে না পারে সেদিকেও সজাগ দৃষ্টি দিতে হবে। এক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটলে দায়িত্বপ্রাপ্ত নেতাদের দায়ী হতে হবে।”
নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, “নির্ধারিত তারিখ অনুযায়ী মহানগর আওয়ামী লীগসহ থানা, ওয়ার্ড ও ইউনিট স্তরে সম্মেলন অনুষ্ঠানের জন্য দলের সকল স্তরের নেতা-কর্মীরা মুখিয়ে আছেন। এ সকল সম্মেলনের মাধ্যমেই দক্ষ ও গ্রহণযোগ্য নেতৃত্ব নির্বাচনের জন্য সকল স্তরের নেতাকর্মীকে আন্তরিকভাবে কাজ করে যেতে হবে।
“এক্ষেত্রে অবশ্যই শতভাগ সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং কোনো ধরনের দলীয় আদর্শ ও নীতি-নৈতিকতা বিরোধী আচরণকে কিছুতেই প্রশ্রয় দেওয়া হবে না।”
নাছির বলেন, “আমাদের মধ্যে অবশ্যই নেতৃত্ব ও পদ-পদবীর জন্য প্রতিযোগিতা থাকতে পারে। আওয়ামী লীগের মত একটি বিশাল সংগঠনে এই প্রতিযোগিতা থাকাটাই স্বাভাবিক। তাই বলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার মত কোনো ঘটনা বা আচরণ যাতে না হয় সেদিকেও সকলকে লক্ষ্য রাখতে হবে।
“সর্বোপরি কোনোভাবে যাতে বিভেদ ও অনৈক্যের হানাহানি না ঘটে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। সুনির্দিষ্ট প্রমাণ ও তথ্য-উপাত্ত ছাড়া কারো বিরুদ্ধে ঘরপঢ়তা ও ঢালাও অভিযোগ কিছুতেই কাম্য হতে পারে না। এধরনের কল্পিত অভিযোগ দলের জন্য অত্যন্ত ক্ষতিকারক।”
নগর কমিটির সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, উপদেষ্টা একেএম বেলায়েত হোসেন, সফর আলী ও শেখ মাহমুদ ইসহাক, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ ও শফিক আদনান, সম্পাদনমন্ডলীর সদস্য সৈয়দ হাসান মাহমুদ সমশের, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, আহমেদুর রহমান সিদ্দিকী, হাজী মোহাম্মদ হোসেন, ইঞ্জিনিয়ার মানষ রক্ষিত সভায় উপস্থিত ছিলেন।
পুরনো খবর
