১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এইচএসসি: চট্টগ্রাম বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ৪৪৫ জন

সকালে বৃষ্টির কারণে চট্টগ্রাম বোর্ডের ২৯টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয় এক ঘণ্টা দেরিতে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2023, 05:54 PM

Updated : 27 Aug 2023, 05:54 PM

দশ দিন পিছিয়ে যাওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ছিলেন ৪৪৫ শিক্ষার্থী।

রোববার এ বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আইসিটি কোর্সে উপস্থিতির হার ৯৯ শতাংশের বেশি। মোট ৯২ হাজার ৪০৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৪৫ জন অনুপস্থিত ছিলেন।

সকাল ১০টা থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ইংরেজি প্রথম পত্র, কারিগরি শিক্ষা বোর্ডে হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ-২, ব্যাংকিং ও বীমা, অর্থনীতি এবং রসায়ন বিজ্ঞান-২ পরীক্ষা হয়।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তথ্যানুযায়ী, চট্টগ্রামে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬৬ হাজার ১২৬ জন, এর মধ্যে অনুপস্থিত ছিলেন ২৯৯ জন।

কক্সবাজারে ১১ হাজার ৭০৩ জনের মধ্যে অনুপস্থিত ছিলেন ৭৩ জন, রাঙামাটিতে ৪ হাজার ৭২১ জনের মধ্যে ২০ জন।

খাগড়াছড়িতে ৬ হাজার ৬৯ জনের মধ্যে ৩৮ জন এবং বান্দরবানে ৩ হাজার ৪৩৭ জনের মধ্যে অনুপস্থিত ছিলেন ১৫ জন।

গত ১৭ অগাস্ট দেশের আট বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু হলেও চট্টগ্রাম বিভাগে অতিবৃষ্টি ও বন্যার কারণে চট্টগ্রাম, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা ১০ দিন পিছিয়ে যায়।

বৃষ্টি-বন্যার কারণে পেছানো পরীক্ষার প্রথম দিনও বৃষ্টির কারণে ২৯টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয় এক ঘণ্টা দেরিতে।

২০২২ সালে বন্যার কারণে পরীক্ষা আরও পিছিয়ে গিয়েছিল। নভেম্বরে হয়েছিল সেই পরীক্ষা। এবার পূর্ণাঙ্গ সিলেবাসে জুলাইয়ে পরীক্ষা শুরুর সিদ্ধান্ত হলেও তা পিছিয়ে যায় সিলেবাস শেষ না হওয়ার কারণে।

২০১০ সাল থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এসএসসি এবং এপ্রিলের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা শুরু হয়ে আসছিল।

তবে তাতে বাদ সাধে কোভিড মহামারী। এ কারণে এক বছর পরীক্ষা না নিয়েই শিক্ষার্থীদের সনদ দেওয়া হয়। এরপর ২০২১ ও ২০২২ সালে পরীক্ষা নেওয়া হয়েছিল সংক্ষিপ্ত সিলেবাসে।

করোনাভাইরাস মহামারীর পর এবারই পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। ১০০ নম্বরের প্রশ্নে তিন ঘণ্টায় সব পরীক্ষা হলেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা হয়েছে ৭৫ নম্বরে এবং ২ ঘণ্টা ২৫ মিনিটে।

পুরানো খবর:

উচ্চ মাধ্যমিকে তিন বোর্ডের বিলম্বিত পরীক্ষা শুরু

পুরানো খবর:

এইচএসসি: বৃষ্টিতে চট্টগ্রামের ২৯ কেন্দ্রে এক ঘণ্টা দেরিতে পরীক্ষা শুরু