২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ২ এলজি ও থানা থেকে লুটের সাতটি গুলিসহ একজন গ্রেপ্তার

এসব গুলি ২০২৪ সালের ৫ অগাস্ট গণঅভ্যূত্থানের সময় লোহাগাড়া থানা থেকে লুট হয়েছিল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2026, 06:24 PM

Updated : 26 Aug 2026, 05:34 PM

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় একটি বসতঘর থেকে অস্ত্র ও গুলি উদ্ধারের পর পুলিশ জানিয়েছে এসব গুলি থানা থেকে লুট হয়েছিল।

উপজেলার তেলিবিলা এলাকা থেকে বৃহস্পতিবার রাতে সাতটি গুলি ও দেশি দুটি আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করে যৌথবাহিনী। 

মো. রিফাত নামের ৩২ বছর বয়সী এই যুবক তেলিবিলা এলাকার বাসিন্দা।

লোহাগাড়া থানার ওসি আবদুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিফাতের বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলা আছে। বৃহস্পতিবার বাড়িতে অভিযান চালিয়ে যৌথবাহিনী তাকে গ্রেপ্তার করে। 

পরে তল্লাশি চালিয়ে তার বসতঘর থেকে শটগানের সাত রাউন্ড কার্তুজ, দুইটি দেশি লাইট গান (এলজি), বেশ কিছু ধারালো অস্ত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ওসি বলেছেন, উদ্ধার করা এসব গুলি ২০২৪ সালের ৫ অগাস্ট গণঅভ্যূত্থানের সময় লোহাগাড়া থানা থেকে লুট হয়েছিল।

রিফাতের বিরুদ্ধে নতুন করে আরও একটি মামলা করে শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর কথা বলেছেন পুলিশের এই কর্মকর্তা।