২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক থেকে প্রকৌশলীতে পদোন্নতিতে ‘অনিয়ম’: সিসিসিতে দুদকের অভিযান

ওই চার কর্মচারীকে ‘স্বেচ্ছাচারিতা ও মারাত্মক অনিয়মের’ মাধ্যমে পদোন্নতি দেওয়ার প্রমাণ পাওয়ার দাবি করেছেন দুদকের এক কর্মকর্তা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2025, 10:41 PM

Updated : 26 Aug 2026, 01:20 PM

চট্টগ্রাম সিটি করপোরেশনে (সিসিসি) শ্রমিক থেকে সরাসরি উপসহকারী প্রকৌশলী পদে চারজনের পদোন্নতিতে অনিয়মের অভিযোগে তদন্তে নেমে এর ‘সত্যতা’ পাওয়ার কথা বলেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুদক কর্মকর্তারা করপোরেশনে অভিযান চালায়। এসময় ওই চার কর্মচারীকে ‘স্বেচ্ছাচারিতা ও মারাত্মক অনিয়মের’ মাধ্যমে পদোন্নতি দেওয়ার প্রমাণ পাওয়ার দাবি করেছেন এক কর্মকর্তা।

সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরীর মেয়াদে ‘বিধি ভঙ’ করে এসব পদোন্নতি দেওয়া হয় বলে সম্প্রতি খবর প্রকাশের পর এ অভিযানে যায় দুদকের দল।

সংস্থার উপ-পরিচালক সুবেল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিটি করপোরেশনে অভিযানে পদোন্নতি বিষয়ক নথিপত্র পর্যালোচনা করা হয়। 

“আইন ও বিধির যথাযথ অনুসরণ ব্যতিরেকে স্বেচ্ছাচারিতা ও মারাত্মক অনিয়মের আশ্রয়ে সম্পূর্ণ অস্থায়ীভাবে নিয়োগকৃত শ্রমিকদেরকে পরবর্তীতে উপসহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) পদে পদায়ন করা হয়েছিল।”

তিনি বলেন, করপোরেশন কর্তৃপক্ষের কাছে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে কর্মরত ও শ্রমিক পদ থেকে সরাসরি উপসহকারী প্রকৌশলী পদে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মচারীদের তালিকাসহ অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে আরও নথিপত্র চাওয়া হয়েছে।

এ বিষয়ে দুদকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নথি পর্যালোচনা করে মো. রোকনুজ্জামান, রশিদ আহমদ, জাহেদুল আহসান এবং এস এম রাফিউল হক মনিরীকে শ্রমিক পদ হতে সরাসরি উপসহকারী প্রকৌশলী পদে পদায়নের সত্যতা পাওয়া যায়। 

এদের মধ্যে মো. রোকনুজ্জামান ২০২৩ সালের ১৩ জুন শ্রমিক পদে নিয়োগের অফিস আদেশ প্রাপ্ত হয়ে ওই বছরের ১৮ জুন সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে শ্রমিক পদে যোগদান করেন। একই তারিখের অফিস আদেশে তাকে উপসহকারী প্রকৌশলী (অস্থায়ী) পদে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়। 

একইভাবে রশিদ আহমদ ওই বছরের সেপ্টেম্বরে শ্রমিক পদে নিয়োগ পেয়ে পয়ে উপসহকারী প্রকৌশলী (অস্থায়ী) পদের অতিরিক্ত দায়িত্ব পান। জাহিদুল আহসান ও এস এম রাফিউল হক মনিরীকে একইভাবে শ্রমিক পদ থেকে উপসহকারী প্রকৌশলী পদে পদায়ন করা হয়। 

দুদকের অভিযান দল এ বিষয়ে সিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম এবং সচিব মোহাম্মদ আশরাফুল আমিনের সঙ্গেও অভিযোগের বিষয়ে কথা বলেন। 

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা কোনো পদোন্নতি দেইনি। অস্থায়ী ভিত্তিতে নিয়োগের পর তাদেরকে অন্য পদে দায়িত্ব দেয়া হয়। এগুলো আগের মেয়রের সময়ে হয়েছিল।”