Published : 10 Jul 2025, 09:11 PM
এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে গত পাঁচ বছর ধরে ছাত্রদের তুলনায় এগিয়ে আছে মেয়েরা।
বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবছর ছাত্রীদের পাসের হার ৭২ দশমিক ১৯ শতাংশ। আর ছাত্রদের পাসের হার ৭১ দশমিক ৯৩ শতাংশ।
জিপিএ-৫ পাওয়া ১১ হাজার ৮৪৩ শিক্ষার্থীর মধ্যে মেয়েদের সংখ্যা ছয় হাজার ৩৫৩ জন আরও ছাত্রদের সংখ্যা পাঁচ হাজার ৪৯০ জন।
এ বোর্ডে এ বছর এক লাখ ৪০ হাজার ৩৮৮ জন পরীক্ষা দেয়। তাদের মধ্যে ৭৮ হাজার ৭২৫ জন ছাত্রী; বিপরীতে ছাত্র সংখ্যা ছিল ৬১ হাজার ৬৬৩ জন।
গত পাঁচ বছরের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ২০২৪ সালে ছাত্রী পাসের হার ছিল ৮৩ দশমিক ২১ শতাংশ, আর ছাত্রদের পাসের হার ছিল ৮২ দশমিক ২৯ শতাংশ।
২০২৩ সালে ৭৮ দশমিক ৭২ শতাংশ, ২০২২ সালে ৮৭ দশমিক ৬৯ ও ২০২১ সালে ৯১ দশমিক ৯৯ শতাংশ ছাত্রী পাস করে।
বিপরীতে ছাত্রদের পাসের হার ছিল যথাক্রমে ৮২ দশমিক ২৯ শতাংশ, ৭৭ দশমিক ৭৫ শতাংশ, ৮৭ দশমিক ৩৩ শতাংশ এবং ৯০ দশমিক ১৪ শতাংশ।
একইভাবে এ পাঁচ বছর ধরে জিপিএ-৫ প্রাওয়ার ক্ষেত্রেও ছাত্রীদের আধিক্য দেখা গেছে।
২০২৪ সালে পাঁচ হাজার ৭৫০ জন, ২০২৩ সালে ছয় হাজার ৪৪৬ জন, ২০২২ সালে ১০ হাজার ৮৮৯ জন এবং ২০২১ সালে সাত হাজার ৪০৯ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।
আর ২০২৪ পাঁচ হাজার ৭৩ জন, ২০২৩ সালে পাঁচ হাজার চার জন, ২০২২ সালে সাত হাজার ৭৭৫ জন এবং ২০২১ সালে পাঁচ হাজার ৩৮২ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে।