২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কাপড়ের ব্যবসা থেকে ইয়াবার কারবারে’ এনআইডিধারী রোহিঙ্গা

তিনজনে মিলে চলত ইয়াবার চোরা কারবার, প্রতি ইয়াবায় কমিশন ‘তিন টাকা’।

‘কাপড়ের ব্যবসা থেকে ইয়াবার কারবারে’ এনআইডিধারী রোহিঙ্গা
চট্টগ্রামে দশ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার হাসান মাসুদ, মোহাম্মদ হাসান ও মো. বোরহান উদ্দিন।

বিডিনিউজ২৪

উত্তম সেনগুপ্ত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2025, 08:02 PM

Updated : 26 Aug 2026, 01:18 PM

চট্টগ্রামে ১০ হাজার ইয়াবা উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার মোহাম্মদ হাসানের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র থাকলেও আসলে তিনি মিয়ানমারের রোহিঙ্গা। 

এক সময় কাপড়ের ব্যবসা করলেও পরে ‘লোকসানে পড়ে’ ইয়াবার কারবারে জড়ানোর কথা তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছেন। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বোববার মোহাম্মদ হাসানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। বাকি দুজন হলেন–  হাসান মাসুদ (৩৪) ও মো. বোরহান উদ্দিন (৪৫)। 

তাদের মধ্যে হাসান মাসুদ ও মোহাম্মদ হাসান রোহিঙ্গা। হাসান মাসুদ ইয়াবা নিয়ে টেকনাফ থেকে রোববার চট্টগ্রামে এসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হাতে ধরা পড়েন। তার দেওয়া তথ্যে পাঁচলাইশ থানার আতুরার ডিপো এলাকা থেকে ধরা হয় মোহাম্মদ হাসান ও বোরহানকে। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপ পরিচালক হুমায়ুন কবির খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মোহাম্মদ হাসানের কাছে ওই নামে এবং আনোয়ার শাহ নামে দুটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি পাওয়া গেছে। দুটি কার্ডেই তার ছবি। তার মধ্যে হাসান নামে যে কার্ডটি পাওয়া গেছে তার আসল এনআইডি। 

“এনআইডি থাকলেও হাসান স্বীকার করেছেন তিনি রোহিঙ্গা। তবে তার কাছ থেকে বাংলাদেশি এনআইডি পাওয়া গেছে। তার স্ত্রী ও বাবার কাছেও এনআইডি আছে। সেগুলো তারা কীভাবে পেয়েছেন, সেটি খতিয়ে দেখা হচ্ছে।” 

জিজ্ঞাসাবাদে মোহাম্মদ হাসান বলেছেন, তার বাবা একসময় সৌদি আরবে থাকতেন। সেখানেই তার জন্ম। সেখান থেকে পাঁচ বছর বয়েসে চলে আসেন বাংলাদেশে। পরে চলে যান মংডুতে। সেখানেই তার বেড়ে উঠা। 

বছর কয়েক আগে তারা ফের বাংলাদেশে চলে আসেন এবং উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে বিয়ে করে চট্টগ্রামের আতুরার ডিপো এলাকায় থাকতে শুরু করেন। 

মোহাম্মদ হাসানের দাবি, তিনি একসময় নগরীর তামাকমুন্ডি লেইনে কাপড়ের ব্যবসা করতেন। ব্যবসায় লোকসান হওয়ার পর ইয়াবার কারবারে নেমেছেন। 

উপ পরিচালক হুমায়ুন বলেন, টেকনাফ থেকে চট্টগ্রামে ইয়াবা পাচারের একটি খবর ছিল তাদের কাছে। সে তথ্যের ভিত্তিতে কর্ণফুলী উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসের যাত্রী হাসান মাসুদকে আটক করে ১০ হাজার ইয়াবা পাওয়া যায়। তার দেওয়া তথ্যে মোহাম্মদ হাসান ও বোরহানের সন্ধান পাওয়া যায়। 

রোহিঙ্গা মোহাম্মদ হাসানের কাছে দুই নামে বাংলাদেশের দুটি এনআইডির ফটোকপি পাওয়া গেছে।

রোহিঙ্গা মোহাম্মদ হাসানের কাছে দুই নামে বাংলাদেশের দুটি এনআইডির ফটোকপি পাওয়া গেছে।

কার কী ভূমিকা

হুমায়ুন কবির বলেন, “ইয়াবা উদ্ধারের পর সেই চালান আসার রুট খুঁজতে গিয়ে আমরা সমীন আক্তার সোহেল ওরফে মাইজ্জা ভাই নামে এক রোহিঙ্গার নাম জানতে পেরেছি। তিনি বালুখালি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। মাদক পাচার চক্রের সদস্য। 

“মাইজ্জা ভাই নামের এ ব্যক্তিই মূলত হাসান মাসুদকে দিয়ে ইয়াবাগুলো চট্টগ্রামে হাসানের কাছে পাঠিয়েছেন।”

তিনি বলেন, এসব ইয়াবা ঢাকার এক মাদক কারবারীকে পৌঁছানোর কথা ছিল। তিনি সেগুলো বহদ্দারহাট এলাকা থেকে সংগ্রহ করার কথা ছিল। 

প্রতি ইয়াবায় কমিশন ‘তিন টাকা’

উপ পরিচালক হুমায়ুন বলেন, “মাইজ্জা ভাই নামের ওই ব্যক্তি সম্পর্কে হাসানের দুলাভাই। তিনি চট্টগ্রামে যেসব ইয়াবার চালান পাঠাতেন, সেগুলোর তদারকি করতেন হাসান। বিনিময়ে প্রতি ইয়াবায় তিন টাকা করে কমিশন পেতেন। 

“চট্টগ্রামে মাইজ্জা ভাই যেসব ইয়াবা পাঠাতেন, সেগুলো ক্রেতার কাছে পৌঁছানোর দায়িত্ব ছিল বোরহানের। আর সেটা তদারকি করতেন মোহাম্মদ হাসান।” 

‘মাদ্রাসা শিক্ষক থেকে ইয়াবার বহনকারী’

হাসান মাসুদ জিজ্ঞাসাবাদে বলেছেন, তিনি রোহিঙ্গা হলেও পড়াশোনা করেছেন চট্টগ্রামে পটিয়া মাদ্রাসায়। ২০০৭ সালে সেখান থেকে পড়াশোনা শেষ করে বোয়ালখালী উপজেলায় একটি মসজিদে ইমামতি করেছিলেন। পরে সেখান থেকে মংডু চলে যান। 

হাসানের দাবি, মংডুতে তিনি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। মাস ছয়েক আগে সেখানকার পরিস্থিতির অবনতি হওয়ায় তিনি বাংলাদেশে চলে আসেন।

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের নিবন্ধিত হলেও তিনি থাকতেন কক্সবাজার সদর উপজেলার খুরুসকূল এলাকায়।