ডেঙ্গু: চট্টগ্রামে আরো ২ মৃত্যু
অক্টোবর মাসে জেলায় ১ হাজার ৩৮৭ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে গেছেন।
চট্টগ্রামে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু হল; এ নিয়ে চলতি মাসে ডেঙ্গুতে ৯ জনের প্রাণ গেল এ জেলায়।
জেলা সিভিল সার্জন কার্যালয় বুধবার জানিয়েছে, মঙ্গলবার মারা যাওয়া ওই দুজনের মধ্যে সুমন ত্রিপুরার (৩০) বাড়ি খাগড়াছড়ি জেলায়। আর মোহাম্মদ রফিকের (৬৫) বাসা বন্দরনগরীর বাকলিয়া এলাকায়।
ডেঙ্গুর মধ্যে সেপসিস, নিউমোনিয়া এবং শকজনিত কারণে মারা যান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সুমন ত্রিপুরা।
একই হাসপাতালে চিকিৎসাধীন মোহাম্মদ রফিক রেসপিরেটরি ফেইলিউর, শক ও নিউমোনিয়ায় মারা যান বলে সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে জানানো হয়েছে।
বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম জেলায় আরও ৪৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি মাসে এখন পর্যন্ত জেলায় ১ হাজার ৩৮৭ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে গেছেন।
চট্টগ্রামে জেলায় চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়েছে মোট ২ হাজার ৮৯২ জন। এরমধ্যে সেপ্টেম্বরে ৯০৭ জন, অগাস্টে ২০২ জন এবং জুলাই মাসে ১৯৮ জন রোগী শনাক্ত হয়।
এ বছর শনাক্ত ডেঙ্গু রোগীদের মধ্যে ১৮৪৬ জন নগরীর বাসিন্দা। বাকি ১ হাজার ৪৬ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
চলতি মাসে চট্টগ্রাম নগরীর সাতটি স্থানকে ডেঙ্গু সংক্রমণের জন্য অতি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করে স্বাস্থ্যবিভাগ।
লাল জোন হিসেবে চিহ্নিত এলাকাগুলো হলো- কোতোয়ালী, বাকলিয়া, বায়েজীদ, বন্দর, পাহাড়তলি, খুলশী ও চকবাজার।
এছাড়া ‘হলুদ’ জোন তথা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে আরও পাঁচটি এলাকা। সেগুলো হলো পাঁচলাইশ, হালিশহর, পতেঙ্গা, চান্দগাঁও এবং ডবলমুরিং।
চলতি বছর চট্টগ্রাম জেলায় ডেঙ্গুতে যে ২৫ জনের মৃত্যু হয়েছে তারমধ্যে নারী ১৩ জন, পুরুষ ৯ জন এবং শিশু ৩ জন।
