Published : 29 Nov 2025, 01:13 PM
চট্টগ্রামের সাতকানিয়া থেকে ২২ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে, তারা কক্সবাজারের উখিয়ার আশ্রয়শিবির থেকে সেখানে এসে ইটভাটায় কাজ নিয়েছিলেন।
শুক্রবার রাতে ছদাহা ও কেওচিয়া ইউনিয়ন থেকে তাদের আটকের তথ্য দিয়েছেন সাতকানিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান।
সেনাবাহিনী ও আনসারের সহায়তায় উপজেলা প্রশাসনের পৃথক অভিযানে ছদাহা ইউনিয়ন থেকে ১০ জন এবং কেওচিয়া ইউনিয়ন থেকে ১২ জনকে আটক করা হয়েছে।
১৫ দিন আগে তাদের সাতকানিয়ায় আসার তথ্য দিয়ে ইউএনও মাহমুদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাতকানিয়া থানার মাধ্যমে তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হবে। তারা উখিয়ার ক্যাম্প থেকে সাতকানিয়ায় এসেছে বলে জানিয়েছে।”
ইউএনও বলেন, গেল ১৫ নভেম্বর সাতকানিয়া পৌর এলাকা থেকে আরও আটজন রোহিঙ্গাকে আটক করা হয়েছিল।
“এরা মৌসুমি শ্রমিক হিসেবে সাতকানিয়া উপজেলায় এসে বিভিন্ন স্থানে কাজ করছে। আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে, এখানে এসে রোহিঙ্গারা বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত হচ্ছে। সামনে নির্বাচন। রোহিঙ্গাদের নিয়ন্ত্রণ করা না গেলে সমস্যা হতে পারে বলে আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে।”
উপজেলার বিভিন্ন ইটভাটায় রোহিঙ্গারা শ্রমিক হিসেবে কাজ করছেন, এমন তথ্য দিয়ে তিনি বলেন, “ইটভাটার মালিকদের সাথে আমরা দ্রুতই বসব। আমাদের প্রধান বিবেচ্য নির্বাচন। কাজেই রোহিঙ্গারা যাতে কোনো সমস্যা সৃষ্টি করতে না পারে সেটা নিশ্চিত করা হবে।”