২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচিত সংসদ সংস্কার বাস্তবায়ন করবে: খসরু

জনগণের প্রত্যাশা পূরণে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন, বলেন তিনি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2024, 08:45 PM

Updated : 26 Aug 2026, 11:12 AM

জনগণের নির্বাচিত সংসদ সংস্কার বাস্তবায়ন করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এই মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, “রাষ্ট্র মেরামতে সংস্কার প্রয়োজন, তবে তা হতে হবে সংসদে। জনগণের আস্থা, সমর্থন ও মেন্ডেট নিয়ে। জনগণের নির্বাচিত সংসদ সে সংস্কারগুলো বাস্তবায়ন করবে।” 

গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নিয়েছে।

এই সংস্কার বাস্তবায়ন ও নির্বাচনের সময় নিয়ে বিএনপি সরব হয়ে উঠেছে। দলটি দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন দেওয়ার পক্ষে। 

বিএনপি আমীর খসরু বলেন, “সকলের সমন্বিত প্রচেষ্টায় আন্দোলনের মাধ্যমে আমরা স্বৈরাচারী সরকারকে পরাজিত করেছি। বাংলাদেশকে নিয়ে জনগণের যে প্রত্যাশা ও আকাঙ্খা সৃষ্টি হয়েছে, তা বাস্তবায়নে প্রয়োজন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।” 

বিএনপি সরকার গঠন করলে জনগণের প্রত্যাশাগুলো তারা পূরণ করতে পারবেন বলে মনে করেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, “রাষ্ট্র মেরামতে অনেক আগেই আমরা ৩১ দফা প্রস্তাবনা দিয়েছি। সে লক্ষ্যে আমরা কাজ করছি। জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি। নির্বাচিত সরকারের মাধ্যমে আমরা ৩১ দফা বাস্তবায়ন করবো এবং জনগণের কাছে দেওয়া প্রতিজ্ঞা পূরণ করব।”

দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র ও চক্রান্ত থেমে নেই দাবি করে তিনি এ ব্যাপারে নেতাকর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। 

খসরু বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করেছি, চূড়ান্ত বিজয় হবে আমাদের। সে পর্যন্ত সবাইকে ধৈর্য্য ধারণ করতে হবে।”

আমীর খসরুর মেহেদীবাগের বাসভবনে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করতে আসেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ানের দলীয় পদ স্থগিতের আদেশ প্রত্যাহার করায় নেতাকর্মীরা তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যান।

সেখানে আবু সুফিয়ান ছাড়াও উপস্থিতি ছিলেন চট্টগ্রাম নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ইসকান্দর মির্জা, আনোয়ার হোসেন লিপু, সাবেক সহ-সভাপতি মাহবুবুল আলম, নাজিম উদ্দিন আহমেদ, মঞ্জুর আলম মঞ্জু, মো. বকতেয়ার, জসিম উদ্দিন, চান্দগাঁও থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভুঁইয়া, ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আসলাম, হাজী ইলিয়াছ।