১৫ হাজার ইয়াবা উদ্ধার: তিনজনকে যাবজ্জীবন
২০২১ সালে চট্টগ্রাম নগরীর এক বাসায় অভিযান চালিয়ে ১৫ হাজার ইয়াবা উদ্ধার করে পুলিশ।
তিন বছর আগে ১৫ হাজার ইয়াবা উদ্ধারের ঘটনায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞাঁ রোববার এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন– মো. আইয়ুব, জোহরা খাতুন ও নুর নাহার। তিনজনই মামলা চলাকালে জামিন নিয়ে পলাতক রয়েছেন।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিচারক রায়ে তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি দশ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালের ১ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন ড্রামপট্টি এলাকার ঝর্না মার্কেটের দ্বিতীয় তলায় জোহরা খাতুনের ভাড়া করা বাসায় অভিযান চালিয়ে ১৫ হাজার ইয়াবা উদ্ধার করে পুলিশ। ওই সময়ই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বাকলিয়ো থানায় মামলা করে। ওই বছর ৭ ডিসেম্বর আদালতে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০২২ সালের ১৩ মার্চ আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে।
ছয়জন সাক্ষীর সাক্ষ্য শুনে বিচারক রোববার তিনজনকেই দোষী সাব্যস্ত করে রায় দিল।
