Published : 28 Jul 2026, 08:57 PM
চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাসুদুল হককে গুলি করে হত্যার ঘটনায় ‘অস্ত্রধারী’ এক জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
ঢাকা থেকে সোমবার ওই ব্যক্তিকে গ্রেপ্তার করার কথা বললেও এ বিষয়ে বিস্তারিত তথ্য দেননি চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা) মোহাম্মদ ইব্রাহীম।
গ্রেপ্তার মো. ইলিয়াছ ওরফে ধামা ইলিয়াছ এই মামলায় এজাহার নামীয় ৫ নম্বর আসামি।
জেলা আদালতের পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রেপ্তার ইলিয়াসকে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার ১০ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ। শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাখাওয়াত হোসেন তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।”
রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে গত ১৩ জুন দুপুরে উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাসুদুল হক চৌধুরীকে (৪৫) প্রকাশ্যে গুলি করে হত্যা করে অস্ত্রধারীরা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি সিসিটিভি ভিডিওতে দেখা যায়, অস্ত্রধারীরা সিএনজিচালিত অটোরিকশায় করে চৌমুহনী বাজারে আসে। সে সময় মাসুদুল হক বাজারের একটি ওষুধের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন।
অস্ত্রধারীরা মাসুদুল হককে লক্ষ্য করে গুলি করলে তিনি লুটিয়ে পড়েন। এ সময় অস্ত্রধারীদের মধ্যে একাধিক ব্যক্তি তাকে গুলি করে। এরপর অস্ত্রধারীরা ফাঁকা গুলি করতে করতে আবার অটোরিকশায় উঠে চলে যায়। এ সময় তিনজনের হাতে পিস্তল এবং দুইজনের হাতে শটগানের মত লম্বা আগ্নেয়াস্ত্র দেখা গেছে।
ভিডিওতে মুখে দাঁড়ি ও গোলাপি টিশার্ট পরা লম্বা অস্ত্র হাতে যে যুবককে দেখা গেছে তিনিই ইলিয়াস বলে দাবি করেছে পুলিশ।
এ হত্যাকাণ্ডের দুই দিন পর ১৫ জুন নিহত মাসুদের বড় ভাই সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পেয়ারুল হক চৌধুরী ১১ জনের বিরুদ্ধে রাউজান থানায় মামলা করেন। এতে প্রধান আসামি করা হয় চট্টগ্রামের জোড়া খুনসহ বিভিন্ন মামলায় আলোচিত সন্ত্রাসী রায়হানকে।
মামলাটি এখন তদন্ত করছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ।
আগের খবর
রাউজানে দিনে দুপুরে বাজারে গুলি করে একজনকে হত্যা
রাউজানে যুবদল নেতা হত্যাকাণ্ডে জড়িত ৫ জন শনাক্ত
রাউজানে যুবদল নেতা খুন: 'আলোচিত সন্ত্রাসী' রায়হান প্রধান আসামি
চেয়ারম্যান পদে 'প্রার্থী হওয়া আটকাতেই' রাউজানের যুবদল নেতাকে হত্যা, বলছে র্যাব