১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে মাদ্রাসায় ছাত্রকে ধর্ষণ, শিক্ষকের যাবজ্জীবন

শিশুটি ২০২২ সালের ২৬ ফেব্রুয়ারি সকালে ধর্ষণের শিকার হওয়ার অসুস্থ হয়ে পড়ে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2025, 09:32 PM

Updated : 26 Aug 2026, 02:33 PM

চট্টগ্রাম নগরীর বিবিরহাট এলাকায় একটি মাদ্রাসায় ১০ বছর বয়সী এক ছাত্রকে ধর্ষণের মামলায় শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৭ এর বিচারক এস এম জিয়াউর রহমান এই রায় দেন।

দণ্ডাদেশ পাওয়া মো. আব্দুল মজিদ (২৪) কক্সবাজার জেলার পেকুয়া থানার শের আলী মাস্টার পাড়ার আবুল কালামের ছেলে।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) শফিউল মোরশেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মজিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে।

রায় ঘোষণার সময় আসামি মজিদ আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার নথি থেকে জানা যায়, শিশুটি বিবিরহাটের ওই মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ছিল। আবাসিক ছাত্র হিসেবে সে মাদ্রাসায় থাকত।

আর ওই মাদ্রাসার শিক্ষক ছিলেন মজিদ। তিনিও মাদ্রাসায় থাকতেন।

২০২২ সালের ২৬ ফেব্রুয়ারি সকালে শিশুটি ধর্ষণের শিকার হওয়ার পর অসুস্থ হয়ে পড়ে। তখন তারা বাবা বিষয়টি জানতে পারেন এবং পরদিন তিনি পাঁচলাইশ থানায় গিয়ে মামলা করেন।

এই মামলায় তদন্ত শেষে পুলিশ ২০২২ সালের ২৫ জুন আদালতে অভিযোগপত্র জমা দেয়। ওই বছরের ৬ সেপ্টেম্বর আসামি মজিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

মামলায় মোট ৮ জন সাক্ষীর জবানবন্দি নেওয়ার পর মঙ্গলবার আদালত এই রায় দিল।