Published : 02 Mar 2026, 01:14 AM
চট্টগ্রামে ব্যবসায়ী ও সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমানের বাসা লক্ষ্য করে দুই দফায় গুলির ঘটনাকে নিজেদের 'ব্যর্থতা' হিসেবে দেখছেন পুলিশ কর্মকর্তারা।
রোববার রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী ব্যবসায়ীর বাড়িতে গুলি বর্ষণের ঘটনাকে 'বিচ্ছিন্ন ঘটনা' মন্তব্য করে তাদের ‘ব্যর্থতা’ হিসেবে চিহ্নিত করেছে।
এসময় তিনি নগরবাসীর নিরাপত্তাহীনতা দূর করে আস্থা অর্জনের জন্য অভিযান পরিচালনার কথা জানান।
এদিন রাত ১১টায় দামপাড়ায় নগর পুলিশের সদর দপ্তরে সংবাদ সম্মেলন ডেকে নগরীর ১০টি জায়গায় একসঙ্গে অভিযান শুরুর ঘোষণা দেন অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল।
“এ ঘটনা নিয়ে নগরবাসীর শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটা একটি বিচ্ছিন্ন ঘটনা। যদি বলেন ব্যর্থতা, সেটা আমরা মেনে নিয়েছি।"
নগরীর চকবাজার থানার চন্দনপুরা এলাকায় স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমানের বাড়ি লক্ষ্য গুলিবর্ষণের ঘটনা ঘটে শনিবার ভোরের দিকে। এর আগে গত ২ জানুয়ারি ওই বাড়িটি লক্ষ্য করে অজ্ঞাত ব্যক্তিরা গুলি চালিয়েছিল।
চাঁদার দাবিতে প্রথমবার গুলি করার পর ওই বাড়িতে বসানো হয়েছিল পুলিশ পাহারা। এর মধ্যে দ্বিতীয় দফায় শনিবার আবারও গুলি করা হয়।
বিষয়টি নিয়ে নানা সমালোচনার ভেতর রোববার সেটি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রাতে সংবাদ সম্মেলনে গুলি বষর্ণকারীদের শনাক্ত করার দাবি করে পুলিশ কর্মকর্তা ওয়াহিদুল বলেন, গুলিবর্ষণকারী ব্যক্তিরা পাহাড়ি এলাকায় চলে গেছে। তাদের আস্তানায় গোয়েন্দা অভিযান পরিচালনা করা হয়েছে। তারা অস্ত্র নিয়ে আসেনি। অস্ত্রগুলো শহরের কোথাও না কোথাও লুকিয়ে রেখেছে। সেগুলো চিহ্নিত করা হয়েছে।
সংবাদ সম্মেলনের পর রাতে পুলিশের বিভিন্ন দল নগরীর বিভিন্ন স্থানে অভিযান শুরু করে।
আরও পড়ুন:
ব্যবসায়ীর বাসায় গুলি: সন্ত্রাসীদের ‘চিহ্নিত করা গেছে’, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
চট্টগ্রামে 'চাঁদা না পেয়ে' ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি
চট্টগ্রামে ‘বড় সাজ্জাদ’ এর নামে ফোন, ‘চাঁদা না পেয়ে’ ব্যবসায়ীর বাড়িতে গুলি
হুলিয়া নিয়ে পালিয়ে বিদেশে, 'চাঁদাবাজি' দেশে
ব্যবসায়ী মুজিবুরের বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে 'বড় সাজ্জাদের' অনুসারীরা: পুলিশ