পতেঙ্গায় পরীক্ষার্থীর মৃত্যু: ক্রেইন চালক শামীম গ্রেপ্তার
সড়কে ক্রেইন চাপায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।
এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার সময় চট্টগ্রামের পতেঙ্গায় ক্রেইন চাপায় ছাত্রী নিহতের ঘটনায় চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে ৩১ বছর বয়সি শামীম বিশ্বাসকে গ্রেপ্তার করা হয় বলে চট্টগ্রাম মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নগরীর পতেঙ্গা থানার কাঠগড় এলাকার ১৯ বছর বয়সি নাফিসা নাওয়ালের শনিবার উচ্চ মাধ্যমিকের পরীক্ষা ছিল। পরীক্ষায় অংশ নিতে তিনি রাইড শেয়ারের বাইকে বাসা থেকে পরীক্ষা কেন্দ্র হাজী মুহাম্মদ মহসিন কলেজের উদ্দেশে রওনা হন।
পথে বন্দরটিলা নেভি হাসপাতাল গেইটের বিপরীতে একটি রিকশা ভ্যানকে সাইড দেওয়ার সময় বাইক থেকে সড়কে পড়ে যান ওই পরীক্ষার্থী।
তখন সল্টগোলা ক্রসিংগামী ম্যাক্স কোম্পানির একটি ক্রেইন নাফিসা নাওয়ালকে চাপা দেয়। এর পরই ক্রেইন চালক শামীম বিশ্বাস পালিয়ে যান।
গুরুতর আহত নাফিসাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই ঘটনায় নাফিসার বাবা বাদী হয়ে ইপিজেড থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা করেন। পরে রোববার রাতে নগরীর ইপিজেড থানার ফ্রি পোর্ট এলাকা থেকে শামীম বিশ্বাসকে গ্রেপ্তার করে পুলিশ।
নিহত নাফিসা নগরীর দামপাড়া পুলিশ লাইনে সিএমপি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।
