পরীক্ষা দিতে যাচ্ছিলেন, সড়কেই প্রাণ গেল নাফিসার
কাঠগর এলাকা থেকে পরীক্ষা দিতে হাজী মুহাম্মদ মহসিন কলেজে যাচ্ছিলেন নাফিসা।
চট্টগ্রাম নগরীতে কেন্দ্রে যাওয়ার পথে ক্রেন চাপায় এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
১৮ বছর বয়সি নাফিসা নাওয়াল নগরীর দামপাড়া পুলিশ লাইন্সের সিএমপি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি পতেঙ্গা থানার কাঠগড় এলাকার আসমত আলীর বাড়ির মামুন মিয়ার মেয়ে।
কাঠগর এলাকা থেকে পরীক্ষা দিতে হাজী মুহাম্মদ মহসিন কলেজে যাচ্ছিলেন নাফিসা।
ইপিজেড থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই ছাত্রী পাঠাওয়ের মোটর সাইকেলে করে মহসিন কলেজ কেন্দ্রে যাচ্ছিলেন। পথে একটি ভ্যান গাড়িকে সাইড দিতে গেলে ওই ছাত্রী রাস্তায় পড়ে যান। তখন একটি ক্রেইন ছাত্রীকে চাপা দেয়।”
ক্রেনের চালক পালিয়ে গেছে জানিয়ে তিনি বরেন, ওই ক্রেনটি জব্দ করে থানায় রাখা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক জানান, ক্রেন চাপায় গুরুতর আহত ছাত্রীকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
