এইচএসসি: সর্বোচ্চ জিপিএ-৫ পাওয়া দশ কলেজের ৯টিই মহানগরের
চট্টগ্রাম নগরীর বাইরে সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে কক্সবাজার সরকারি কলেজ থেকে ৩৫২ জন
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে প্রতিবারের মত এবছরও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে আছে নগরীর শিক্ষা প্রতিষ্ঠানগুলো।
সর্বোচ্চ জিপিএ-৫ পাওয়া ১০টি কলেজের মধ্যে ৯টিই চট্টগ্রাম মহানগরীর। অন্যটি কক্সবাজার সরকারি কলেজ।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সবচেয়ে বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে।
নগরীর ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এ বছর এক হাজার ৭২১ জন পরীক্ষা দিয়ে পাস করেছে এক হাজার ৬৭৩ জন। আর জিপিএ-৫ পেয়েছে এক হাজার ১০৮ জন।
এরপর আছে সরকারি সিটি কলেজ। এ কলেজ থেকে এ বছর দুই হাজার ৮৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে দুই হাজার তিনজন। যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮৭২ জন।
চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ৮৪৭ জন। এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে থেকে এক হাজার ২০৩ জন পরীক্ষা দিয়ে একজন ছাড়া সবাই পাস করেছে।
চট্টগ্রামের ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজে চালু আছে শুধু বিজ্ঞান ও মানবিক শাখা। এ দুই শাখায় কলেজটি থেকে এক হাজার ১১ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৯৯৯ জন। আর জিপিএ-৫ পেয়েছে ৮৪০ জন।
চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ থেকে এক হাজার ৩৭৩ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে এক হাজার ৩৩৬ জন, ৫৭০ জন পেয়েছে জিপিএ-৫।
নগরীর হাজেরা তুজ ডিগ্রী কলেজ থেকে এক হাজার ৮০১ জন পরীক্ষা দিয়ে পাস করেছে এক হাজার ৭৫১ জন। যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৩৫ জন।
চট্টগ্রামের ব্যবসায় শিক্ষার জন্য বিশেষায়িত সরকারি কমার্স কলেজ থেকে ৯৩৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৯২৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৪৮৫ জন।
বাকলিয়া সরকারি কলেজ থেকে এবছর এক হাজার ৪২৭ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে এক হাজার ৩২৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৪১৯ জন।
কক্সবাজার সরকারি কলেজ থেকে এক হাজার ১৭৫ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে এক হাজার ৭৯ জন। আর জিপিএ-৫ পেয়েছে ৩৫২ জন।
এছাড়া চট্টগ্রাম নগরীর চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ৯৪৩ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৮৭৫। আর জিপিএ-৫ পেয়েছে ৩৩৩ জন।
চট্টগ্রাম বোর্ডের অধীনে এবছর ২৮২টি কলেজ থেকে এক লাখ ৫ হাজার ৪১৬ জন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন। এরমধ্যে শতভাগ পাস করেছে ১৩টি কলেজ থেকে। আর পাঁচটি কলেজ থেকে কোন শিক্ষার্থী পাস করতে পারেনি।
এ বছর চট্টগ্রাম বন্দর মহিলা কলেজ, চট্টগ্রাম বন্দর কলেজ, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, বান্দরবানের লামা উপজেলার কোয়ান্টাম কসমো কলেজ, সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড উচ্চ বিদ্যালয় ও কলেজ, ফৌজদারহাট ক্যাডেট কলেজ, রাঙামাটির জুরাইছড়ি উপজেলার শলক কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
এছাড়া যে চারটি কলেজ থেকে শতভাগ পাস করেছে সেগুলোর শিক্ষার্থী সংখ্যা ১০ জনের কম বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।
