০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে ‘চাঁদার’ দাবিতে হামলা: মামলা হলেও গ্রেপ্তার নেই

হামলার শিকার কোম্পানি ডিডিএনের এক কর্মকর্তা সোমবার রাতে চকবাজার থানায় মামলা করেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2026, 08:23 PM

Updated : 19 Sep 2026, 02:25 PM

চট্টগ্রামে ‘চাঁদার দাবিতে’ একটি ইন্টারনেট সেবা কোম্পানিতে হামলার ঘটনায় মামলা হলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 

চকবাজার থানার ওসি নূর হোসেন মামুন দাবি করেছেন, আসামিদের ধরতে অভিযান চলছে। 

সোমবার দুপুরে নগরীর বাকলিয়া এক্সেস রোড এলাকায় ডিজিটাল ডট নেট (ডিডিএন) নামে ওই ইন্টারনেট সেবার কোম্পানির কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে একদল সন্ত্রাসী। 

ডিডিএন মালিকপক্ষের অভিযোগ, বিদেশে পালিয়ে থাকা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের অনুসারী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন এককালীন দুই কোটি টাকা ও মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল তাদের কাছে। চাঁদা না পেয়ে তারাই এ হামলা চালিয়েছে। 

নিজেকে ডেভিড ইমন দাবি করা এক ব্যক্তির সঙ্গে ডিডিএনের মালিক আদিল বিন মাহমুদের একটি ফোনালাপের অডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে। 

চকবাজার থানা পুলিশ বলছে, ডিডিএনের এক কর্মকর্তা সোমবার রাতে মামলা করেন। সেখানে অভিযোগ করা হয়, গত ১১ জুলাই কোম্পানির মালিক আদিল বিন মাহমুদের ব্যক্তিগত হোয়াটস অ্যাপ নম্বরে ডেভিড ইমন পরিচয়ে ফোন করে এককালীন দুই কোটি টাকা ও মাসিক ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। 

মালিক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সোমবার দুপুরে ডিডিএন অফিসে ঢুকে ৩০/৪০ জন সন্ত্রাসী ভাঙচুর শুরু করে। এ সময় হামলাকারীরা বিভিন্ন ধরনের কম্পিউটার, ল্যাপটপ, আসবাব, গ্লাস ভাঙচুর করে অন্তত ১৫ লাখ টাকা ক্ষতি করে। পাশাপাশি সন্ত্রাসীরা তিনটি মোবাইল ফোন, ড্রয়ার থেকে নগদ ৪৭ হাজার টাকা এবং প্রতিষ্ঠানের পরিচালকের কাছ থেকে ৩৫ লাখ টাকা ভর্তি ব্যাগ নিয়ে যায়। 

এদিকে সোমবারের ওই হামলার ঘটনায় উদ্বেগ ও প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। 

সংগঠনের চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক রাজিব শাহরিয়ার রুবেল বলেন, “এ ধরনের ঘটনা কোনো একক প্রতিষ্ঠানের সমস্যা নয়, বরং সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে আইএসপি মালিক ও প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি, টেলিফোনে হুমকি, চাপ সৃষ্টি এবং দাবি পূরণ না হলে হামলা বা হয়রানির ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। 

“এ পরিস্থিতি সমগ্র আইএসপি শিল্পের জন্য গভীর নিরাপত্তা ও সংকটের ইঙ্গিত বহন করে।”

সংবাদ সম্মেলনে ডিডিএনে হালাকারীদের দ্রুত শনাক্ত করে শাস্তি, সব আইএসপি প্রতিষ্ঠান, কর্মকর্তা-কর্মচারী এবং গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি তোলা হয়। 

আর পড়ুন-

চট্টগ্রামে 'চাঁদা না পেয়ে' ইন্টারনেট সেবার কোম্পানিতে ভাঙচুর, লুট