২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে চবিতে বিক্ষোভ মিছিল

হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে রাজপথে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন চাকসু নেতারা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2025, 06:46 PM

Updated : 26 Aug 2026, 05:18 PM

ঢাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।

শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল শেষে সমাবেশ থেকে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান চাকসু নেতারা।

ওসমান হাদির ওপর হামলাকে ‘পরিকল্পিত’ অভিযোগ করে চাকসু ভিপি ইব্রাহিম রনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে রাজপথে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন।

হামলার তীব্র নিন্দা জানিয়ে চাকসু জিএস সাঈদ বিন হাবিব বলেন, “পতিত ফ্যাসিস্ট হাসিনা ভারতে বসে নির্বাচন বানচালের চেষ্টা করছেন; এ ধরনের নীল নকশা বাস্তবায়নের চেষ্টা করলে শিক্ষার্থীরা রাজপথে তার জবাব দেবে।

"আওয়ামীপন্থিদের বলছি—এ ধরনের ঘটনা ঘটালে কেউ শান্তিতে ক্যাম্পাস ছাড়তে পারবে না।”

ক্যাম্পাসের জিরো পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে সোহরাওয়ার্দীর মোড় ঘুরে আবার জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ শেষে মাগরিবের নামাজের পর জিরো পয়েন্ট মসজিদে ওসমান হাদির সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়।

এদিন জুমার নামাজের পর বেলা ২টা ২৫ মিনিটে ঢাকার বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা হামলাকারীরা হাদিকে গুলি করে পালিয়ে যায়।”

দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেলে করে এসেছিল বলে জানিয়েছেন ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।