চট্টগ্রামে ৬৫ হাজার ইয়াবাসহ ধরা ১
এঘটনায় দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
চট্টগ্রামে একটি কভার্ড ভ্যান থেকে ৬৫ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় নগরীর কোতোয়ালী থানার রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠের সামনে কভার্ড ভ্যানটি জব্দ করা হয়।
এসময় চালকের সহকারীকে গ্রেপ্তার করা হলেও চালক পালিয়ে গেছে।
গ্রেপ্তার তৈয়বুর রহমান ইমন (২০) কক্সবাজার সদরের খুরুশকুলের বাসিন্দা।
নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) অতনু চক্রবর্ত্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোনো পণ্য ছাড়া কভার্ড ভ্যানটি টেকনাফ থেকে ঢাকা যাচ্ছিল।
“গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে পলোগ্রাউন্ড মসজিদের সামনেন সড়কে কভার্ড ভ্যানটি থামানো হয়। এসময় চালক কৌশলে সটকে পড়লেও সহকারীকে ধৃত করা হয়।"
সহকারী কমিশনার অতনু জানান, কভার্ড ভ্যানটির মালামাল রাখার স্থানে বিশেষ চেম্বার তৈরি করে ইয়াবাগুলো রাখা হয়েছিল। পরে তল্লাশি চালিয়ে কাগজে মোড়ানো কয়েকটি প্যাকেট জব্দ করা হয়।
জব্দ করা প্যাকেটগুলোতে ৬৫ হাজার ইয়াবা পাওয়া যায় বলে পুলিশ কর্মকর্তা অতনু জানান।
এ ঘটনায় গ্রেপ্তার ইমন ও পালিয়ে যাওয়া চালক মো. করিমের (৪৮) বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
