Published : 25 Jul 2025, 10:10 PM
চট্টগ্রামে নালায় পড়ে প্রাণ হারানো শিশু হুমাইরার স্বজনদের সঙ্গে দেখা করেছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।
কানাডা সফর থেকে দেশে ফিরে শুক্রবার বিকেলে নগরীর হালিশহর থানার আনন্দপুর এলাকায় হুমাইরার বাসায় যান তিনি।
গত ৯ জুলাই ওই এলাকার একটি নালায় পড়ে মারা যায় তিন বছর বয়সী হুমাইরা। সে সময় কানাডায় ছিলেন মেয়র।
চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়র শাহাদাত হোসেন সেখানে গিয়ে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি বলেন, “এ মর্মান্তিক দুর্ঘটনার পরপরই আমি উদ্ধার কার্যক্রম তদারকির জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছি। ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা হয়েছে।
“ভবিষ্যতে এ ধরনের দুঃখজনক ঘটনা যেন আর না ঘটে, সেজন্য নগর পরিকল্পনার অংশ হিসেবে সংশ্লিষ্ট সংস্থা ও বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে একটি সুপারিশমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে দুর্ঘটনার ঝুঁকি কমানো সম্ভব হবে বলে আশা করি।”
চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আহ্বায়ক কমিটির সদস্য সাবেক কাউন্সিলর আবুল হাশেম, মো. কামরুল ইসলাম, হালিশহর থানা বিএনপির সাবেক সভাপতি মোশারফ হোসেন ডিপটি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান জিয়া এসময় মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন।
গত ৯ জুলাই দুপুরে নগরীর হালিশহর আনন্দপুরের একটি নালায় পড়ে তলিয়ে যায় শিশু হুমাইরা। ঘণ্টাখানেক পরে স্থানীয়রা ওই নালার সঙ্গে যুক্ত আরেকটি বড় নালার নিচ থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে শিশুটিকে বাঁচানো যায়নি।
ওই ঘটনায় সিসিসির গঠিত তদন্ত কমিটি যে প্রতিবেদন দেয় তাতে শিশুটির মায়ের এবং তার কর্মস্থলের ‘গাফিলতি’র কথা বলা হয়।
প্রতিবেদনে তদন্ত কমিটি দুর্ঘটনার যেসব সম্ভাব্য কারণ তুলে ধরেছে তার মধ্যে আছে- শিশুটির মায়ের কর্মস্থলে কর্মীদের শিশু সন্তানদের রাখার কোনো ব্যবস্থা না থাকা, পরিবারের দায়িত্বহীনতা, ভবনের মূল ফটক খোলা থাকা এবং সড়কের অবস্থান ও উচ্চতার তারতম্য।
পুরনো খবর
নালায় পড়ে মৃত্যু: মা ও তার কর্মস্থলের 'গাফিলতি' দেখছে তদন্ত কমিটি