০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রামে অবতরণের পর বিমানে যান্ত্রিক ত্রুটি, রানওয়ে বন্ধ ২ ঘণ্টা

ফ্লাইটটিতে ৩৮৭ জন হজযাত্রী ছিলেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2025, 02:08 PM

Updated : 26 Aug 2026, 01:19 PM

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজ অবতরণের পর তা রানওয়েতে আটকে পড়ার ঘটনা ঘটেছে। তাতে বেশ কয়েকটি ফ্লাইটের সময় বিলম্ব হয়েছে।

শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল জানান, শনিবার সকাল সাড়ে ৯টায় বিমান বাংলাদেশের বিজি ১৩৮ ফ্লাইট শাহ আমানতে নামে। অবতরণের পরপরই যান্ত্রিক ত্রুটির কারণে উড়োজাহাজটি রানওয়েতে আটকা পড়ে।

ফ্লাইটটিতে সৌদি আরবের মদিনা থেকে ৩৮৭ জন হজযাত্রী আসে জানিয়ে তিনি বলেন, যাত্রীরা নিরাপদে বিমানবন্দরে নামেন।

ইব্রাহিম খলিল জানান, যান্ত্রিক ত্রুটি সারানোর পর বেলা ১১টা ২০ মিনিটে বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে অ্যাপ্রোনে নেওয়া হয়। এসময় বিমানবন্দরের রানওয়ে প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। এ কারণে বিমান বাংলাদেশের ঢাকামুখী একটি ফ্লাইট, সালাম এয়ারের মাস্কাটগামী ফ্লাইট এবং ইউএস-বাংলা ও এয়ার অ্যাস্ট্রার দুটি ফ্লাইটের চট্টগ্রামে আসা বিলম্ব হয়।