১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

১৭ বছর পর তারেকের সঙ্গে দেখা শাহাদাতের

ব্যক্তিগত সফরে গত সপ্তাহে যুক্তরাজ্যে যাওয়ার কথা বলেন চট্টগ্রাম সিটির মেয়র।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2025, 03:10 AM

Updated : 26 Aug 2026, 05:07 PM

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন লন্ডন সফররত চট্টগ্রামের সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

শনিবার রাত ১টার দিকে নিজের ফেইসবুক পেইজে লন্ডনে বসবাসরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে একটি ছবি প্রকাশ করেন মেয়র।

তিনি লেখেন, "দীর্ঘ ১৭ বছর পর আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সঙ্গে।"

এর নিচে লেখেন- "কিংস্টন, লন্ডন।"

ব্যক্তিগত সফরে গত সপ্তাহে যুক্তরাজ্যে যাওয়ার কথা বলেন মেয়র শাহাদাত।

ছবিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের হাতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদে এক বছর দায়িত্ব পালন উপলক্ষে প্রকাশিত একটি বই তুলে দিতে দেখা যায় শাহাদাতকে।

এর আগে গত মঙ্গলবার দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, তারেক রহমান চলতি নভেম্বরের শেষ দিকে দেশে ফিরছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোচনা অনুষ্ঠান ইনসাইড আউটে তিনি বলেন, "আমরা আশা করছি এই মাসের শেষ নাগাদ তিনি দেশে ফিরতে পারেন। নাহলে কমপক্ষে দুয়েকদিন এদিক-ওদিক হতে পারে হয়ত, আশা করছি।"

২০০৮ সালে জরুরি অবস্থার মধ্যে পরিবার নিয়ে দেশ ছাড়ার পর গত ১৭ বছর ধরে লন্ডনে বসবাস করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তারেকের মামলা জটিলতার অবসান হলেও তিনি ফেরেননি।

বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য গত কয়েক মাস ধরে বলে আসছেন, ‘শিগগিরই’ দেশে ফিরছেন তারেক রহমান। কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো তারিখ বিএনপির পক্ষ থেকে কেউ বলছেন না।