যুক্তরাষ্ট্র কোন মুখে মানবতা ও গণতন্ত্রের কথা বলে: নাছির
সমাবেশে নগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, যেখানেই বিশৃঙ্খলা সৃষ্টি করে জনদুর্ভোগ বাড়ানো হবে বা জানমালের ক্ষতি করবে, সেখানেই তৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলা হবে।
যারা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে আশ্রয় দিয়েছে তারা কোন মুখে মানবতা ও গণতন্ত্রের কথা বলে সেই প্রশ্ন করেছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
বুধবার নগরীর আন্দরকিল্লা মোড়ে নগর আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।
২০০৫ সালের ১৭ অগাস্ট 'বিএনপি-জামায়াত জোট সরকারের অধীনে পরিকল্পিত সিরিজ বোমা হামলা' ঘটনার প্রতিবাদে এই সমাবেশ আয়োজন করা হয়।
সমাবেশে আ জ ম নাছির উদ্দীন বলেন, "আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মুরুব্বী এবং পৃথিবীর সকল অঘটন দুর্ঘটনার খলনায়ক মার্কিন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনী রাশেদ চৌধুরীকে আশ্রয় দিয়েছে। প্রশ্ন করি তারা কোন মুখে মানবতা ও গণতন্ত্রের কথা বলে?
“মার্কিন যুক্তরাষ্ট্রের বোঝা উচিত ১৯৭১ সালে তারা বঙ্গোপসাগরে সপ্তম নৌবহর পাঠিয়েও ফিরে যেতে বাধ্য হয়েছিল এবং বাংলাদেশের নিশ্চিত স্বাধীনতা অর্জনকে ভূলুন্ঠিত করতে পারেনি। তাদের আরো মনে রাখা উচিত বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং কখনো আমেরিকার করদরাজ্য ছিল না এবং হবেও না। কারণ আমরা মহান মুক্তিযুদ্ধের বিজয়ী শক্তি।”
দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে নাছির বলেন, “আমরা ক্ষমতাসীন দলে আছি এই মানসিক গঠন প্রকৃতি থেকে সরে আসতে হবে এবং প্রমাণ করতে হবে আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি, রাজপথে থাকবই।
“এই প্রত্যয় ধারণ করতে পারলে কোনো অপশক্তি আমাদের পরাজিত করতে পারবে না। ১৭ অগাস্টের কুশীলবদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”
সমাবেশে সভাপতির বক্তব্যে নগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, “চিহ্নিত অগ্নিসন্ত্রাসীরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে এবং সন্ত্রাস ও সকল অপকর্মের কুলাঙ্গারেরা মাঠে নেমেছে।
"আমরা লক্ষ্য করছি, নাগিনীর বিষাক্ত নিঃশ্বাস চারদিকে। এই অবস্থায় আমরা ঘরে বসে থাকতে পারি না এবং যেখানেই বিশৃঙ্খলা সৃষ্টি করে জনদুর্ভোগ বাড়ানো হবে বা জানমালের ক্ষতি করবে, সেখানেই তৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলা হবে।”
নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন নগর কমিটির সহ-সভাপতি খোরশেদ আলম সুজন ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক মো. আবু তাহের, উপ-প্রচার সম্পাদক মো. শহিদুল আলম প্রমুখ।
উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, উপদেষ্টা শেখ মাহমুদ ইছহাক, সম্পাদকমণ্ডলীর সদস্য শফিক আদনান, শফিকুল ইসলাম ফারুক, হাসান মাহমুদ শমসের, চন্দন ধর, মো. হোসেন, হাজী জহুর আহমদ, নির্বাহী সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, বিজয় কিষাণ চৌধুরী, নিছার উদ্দীন আহমেদ মঞ্জু প্রমুখ।
