১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

শুভেচ্ছা সফরে বাংলাদেশে চীনা নৌবাহিনীর তিন জাহাজ

সফরকালে জাহাজের কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ, ঘাঁটি, চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক স্থাপনাগুলো পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

শুভেচ্ছা সফরে বাংলাদেশে চীনা নৌবাহিনীর তিন জাহাজ

চীনা নৌবাহিনীর তিনটি জাহাজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দরে পৌঁছালে বাংলাদেশে থাকা দেশটির নাগরিকরা তাদের পতাকা নেড়ে স্বাগত জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Sep 2026, 06:24 PM

Updated : 17 Sep 2026, 06:24 PM

বাংলাদেশে পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে চীনা নৌবাহিনীর তিনটি জাহাজ।

বাংলাদেশ নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকালে চীনা নৌবাহিনীর জাহাজ ‘থাং শান’, ‘দা চিং’, এবং ‘তাই হু’ নামে তিনটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়।

এ সময় কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার চীনের জাহাজের কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী ব্যান্ড পরিবেশন করে।

তাছাড়াও জাহাজগুলোকে স্বাগত জানাতে বাংলাদেশে চীন দূতাবাসের কর্মকর্তাসহ দেশটির নাগরিকরা এবং বাংলাদেশ নৌবাহিনীর স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সফরকারী জাহাজগুলো বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা ওমর ফারুক’ অভ্যর্থনা জানায়।

বাংলাদেশে অবস্থানকালে সফরকারী জাহাজ তিনটির অধিনায়ক ও ঢাকায় নিযুক্ত চীনের মিলিটারি অ্যাটাশেসহ একটি প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে বিজ্ঞপ্তিতে তথ্য দেওয়া হয়েছে।

চীনের তিন জাহাজের কর্মকর্তা ও নাবিকরা বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ, ঘাঁটি, চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক স্থাপনাগুলোও পরিদর্শন করবেন। এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা চীনের জাহাজ পরিদর্শন করবেন।

নৌবাহিনী বলছে, এ সফরের মাধ্যমে উভয় দেশের নৌসদস্যরা পারস্পরিক কার্যক্রম ও পেশাগত উৎকর্ষ প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ এবং মত বিনিময়ের সুযোগ লাভ করবেন।

শুভেচ্ছা সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকদের পেশাগত বিষয়ে মত বিনিময়, ভবিষ্যৎ প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতার সুযোগ সৃষ্টির পাশাপাশি দ্বিপাক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

শুভেচ্ছা সফর শেষে চীনের জাহাজ তিনটি ২১ সেপ্টেম্বর বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।