নাশকতার দুই মামলায় আসলাম চৌধুরীর বিচার শুরুর আদেশ
দুই মামলাতেই অভিযোগপত্র জমা দেওয়ার প্রায় সাড়ে সাত বছর পর অভিযোগ গঠন করা হল।
চট্টগ্রামের সীতাকুণ্ডে দশ বছর আগে মহাসড়কে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের কাজে বাধা দান ও পেট্রোল বোমা নিক্ষেপের দুই মামলায় বিএনপির কেন্দ্রীয় যুগ্মমহাসচিব আসলাম চৌধুরীসহ আসামিদের বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।
চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ শরিফর রহমান বুধবার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
চট্টগ্রাম জেলা আদালতের পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিস্ফোরক দ্রব্য আইনের মামলাটিতে ৫৮ জনের বিরুদ্ধে এবং বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৪৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। দুটি মামলাতেই আসলাম চৌধুরী আসামি।
২০১৩ সালের ১৭ নভেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড থানার বটতল এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ সরকারি কাজে বাধাদানের অভিযোগে দণ্ডবিধির কয়েকটি ধারায় ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেছিল পুলিশ।
ওই মামলায় ৫৮ জনকে আসামি করে ২০১৫ সালের অক্টোবরে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। আসামিদের মধ্যে ৫৫ জন জামিনে এবং তিনজন পলাতক।
অন্য মামলাটি করা হয় ২০১৩ সালের ২৫ ডিসেম্বরের ঘটনায়। সেদিন সীতাকুণ্ডের ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ১০০ গজ উত্তরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পুলিশের কাজে বাধা দেওয়া, ইট নিক্ষেপ, ফার্নিচার দোকান ও বস্তিঘরে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলাটি করা হয়।
দ্বিতীয় মামলাটিতেও ২০১৫ সালে ৪৭ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় পুলিশ। আসামিদের মধ্যে ২৪ জন পলতাক ও ২৩ জন জামিনে আছেন।
দুই মামলাতেই অভিযোগপত্র জমা দেওয়ার প্রায় সাড়ে সাত বছর পর অভিযোগ গঠন করা হল।
আসলাম চৌধুরীর বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে এবং ওই ঘটনার সময় তিনি উত্তর জেলা বিএনপির নেতা ছিলেন। বর্তমানে কারাবন্দি এ নেতা বিএনপির কেন্দ্রীয় যুগ্মমহাসচিব।
