নারী দিবসের সভা: ‘সহিংসতার দায় শুধু রাষ্ট্রের নয়, সবার’
নারীর প্রতি সহিংসতার দায় কেবল রাষ্ট্র বা সরকারের নয়। এই দায় সমাজের সবার।
নারীর নিরাপদ চলাফেরার পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে চট্টগ্রামের এক অনুষ্ঠান থেকে।
চট্টগ্রামে শনিবার আন্তর্জাতিক নারী দিবসের এক আলোচনাসভায় এ দাবি তোলা হয়।
পূর্ব নাসিরাবাদ এলাকায় কারিতাস চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) এ আলোচনা সভা আয়োজন করে।
বিএনপিএস চট্টগ্রাম কেন্দ্রের ব্যবস্থাপক ফেরদৌস আহম্মদ বলেন, “দেশে নারীর নিরাপত্তা আজ বিপন্ন। নানা স্থানে নারীর প্রতি সহিংসতা ঘটছে।
“প্রতিকারে কোনো কার্যকর উদ্যোগও দেখা যাচ্ছে না। ধর্ষণসহ নারীর প্রতি দেশব্যাপী সহিংসতা বন্ধ করার জন্য রাষ্ট্রযন্ত্রকে উদ্যোগ গ্রহণ করতে হবে।
তিনি বলেন, “নারীর প্রতি সহিংসতার দায় কেবল রাষ্ট্র বা সরকারের নয়। এই দায় সমাজের সবার। এ জন্য ব্যক্তি পর্যায় থেকে শুরু করে কমিউনিটি পর্যায়ে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি বেসরকারি, করপোরেট, সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনকেও এগিয়ে আসতে হবে।”
ফেরদৌস আহম্মদ বলেন, “নাগরিক হিসেবে নিজেদের দায়িত্বটুকু পালন করে রাষ্ট্র ও সরকারের প্রতি জোর দাবি তুলো ধরতে হবে, যেন সরকার বিদ্যমান আইন ও নীতির যথাযথ বাস্তবায়ন ও বৈষম্যমূলক আইনের প্রয়োজনীয় সংস্কারে আশু উদ্যোগ গ্রহণ করে।”
“অধিকার, সমতা, ক্ষমতায়ন- নারী ও কন্যার উন্নয়ন’ এই দাবিকে প্রতিপাদ্য করে দিবসের কর্মসূচি আয়োজন করা হয়। আলোচনা সভা ছাড়াও ছিল সচেতনতামুলক ডকুমেন্টরি প্রদর্শন।
বিপ্লব দাশের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ‘আলোর বার্তা’ যুব সংগঠনের সভাপতি শান্তা ইসলাম, সম্পাদক রিমু দে, ‘বদলে যাও বদলে দাও’ যুব সংগঠনের সভাপতি মুক্তা বিশ্বাস ও বিএনপিএস চট্টগ্রাম কেন্দ্রের উন্নয়ন কর্মকর্তা এস এম এরশাদুল করিম।
