২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেস্তোরাঁকর্মী খুন: পুলিশের ভাষ্য, বাসা থেকে ডেকে নিয়েছিল বন্ধুরা

পুলিশ বলছে, হত্যাকাণ্ডটি ছিল ‘ক্লুলেস’। কয়েক ঘণ্টার মধ্যেই জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার ও ব্যবহৃত ছুরি উদ্ধার করে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2025, 08:14 PM

Updated : 26 Aug 2026, 12:00 PM

চট্টগ্রামের আকমল আলী রোডে মঙ্গলবার রাতে যে যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছিল তাকে ইফতারের পর বন্ধুরা বাসা থেকে ডেকে বের করেছিল বলে পুলিশ জানিয়েছে। 

হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে গ্রেপ্তার এবং নিহতের স্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে পুলিশ এ তথ্য জানায়। 

নগর পুলিশের সহকারী কমিশনার (বন্দর) মাহমুদুল হাসানের ভাষ্য, হত্যাকাণ্ডটি ছিল ‘ক্লুলেস’। অজ্ঞাত হিসেবে পুলিশ লাশটি উদ্ধার করেছিল। কয়েক ঘণ্টার মধ্যেই তারা জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার এবং ব্যবহৃত ছুরি উদ্ধার করে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছেন। 

হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার যুবকের নাম জহিরুল ইসলাম সিজান (৩০), তিনি সিমেন্ট ক্রসিং এলাকার রানী ভবন গলির বাসিন্দা। 

নগরীর ইপিজেড থানার আকমল আলী রোড বালুর মাঠ এলাকায় মঙ্গলবার রাতে আইয়ুব নবী সাগর (২৬) নামে রেস্তোরাঁ কর্মীকে ছুরিকাঘাতে খুন করা হয়। 

স্থানীয় লোকজন আহত অবস্থায় আইয়ুবকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে। 

যেভাবে পরিচয় শনাক্ত

নগর পুলিশের সহকারী কমিশনার (বন্দর) মাহমুদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাসপাতাল থেকে লাশ উদ্ধার করার পর ঘটনাস্থলে গিয়ে রক্তমাখা ছুরিটি উদ্ধার করা হয়। সেখানে গিয়ে জানতে পারি নিহত যুবকের বাসাও আকমল আলী সড়কে। 

“লাশের ছবি নিয়ে ভিকটিমের স্ত্রীর সাথে দেখা করে পরিচয় শনাক্ত করি। পরে পিবিআই ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করে একই পরিচয় শনাক্ত করে।” 

আইয়ুবের স্ত্রীর বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা মাহমুদুল বলেন, আইয়ুবের বন্ধু সায়মন সন্দেহ করতেন তার স্ত্রীর সাথে আইয়ুবের পরকীয়া সম্পর্ক ছিল।

“সেই ক্ষোভ থেকে ইফতারের পর সায়মন, সেজানসহ তিন জন বাসায় গিয়ে তাকে বের করেন। পরে বালুর মাঠে নিয়ে আইয়ুবকে ছুরিকাঘাত করে ফেলে চলে যায় এবং ছুরিটিও ফেলে দেয়।”

সহকারী কমিশনার মাহমুদুল বলেন, “নিহত আইয়ুবের স্ত্রীর দাবি তার স্বামীর সাথে কারো কোনো পরকীয়া ছিল না। মিথ্যা সন্দেহে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।”

বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। 

চট্টগ্রামে ছুরিতে রেস্তোরাঁকর্মী খুন, পুলিশ বলছে, পেছনে 'পরকীয়া'