Published : 30 Mar 2026, 07:34 PM
দেশের বিভিন্ন স্থানে মজুদ পেট্রোল ও অকটেন উদ্ধারের খবরের মধ্যে চট্টগ্রামের ফৌজদারহাট এলাকা থেকে ২৫ হাজার লিটার ডিজেল জব্দের তথ্য দিয়েছে জেলা প্রশাসন।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার অভিযান চালিয়ে ফৌজদারহাটের জলিল টেক্সটাইল এলাকা থেকে বিপুল এ তেল উদ্ধার করা হয়।
সীতাকুণ্ড উপজেলার ওই এলাকায় একটি পোড়া তেলের দোকানে এ অভিযান চালানো হয়।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিযান এখনো চলছে। কাউকে এখন পর্যন্ত আটক করা সম্ভব হয়নি।”
বড় আকারের ট্যাঙ্কে এসব তেল মজুদ করা হয় বলে জানান তিনি।
ইরান যুদ্ধ শুরুর পর তেল সরবরাহের সংকটের মধ্যে চট্টগ্রাম জেলায় এটিই এখন পর্যন্ত উদ্ধার করা তেলের সবচেয়ে বড় অবৈধ মজুদ।
অভিযান চলাকালে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সাংবাদিকদের বলেন, “এখানে আমরা দুজন ব্যক্তির নাম পেয়েছি। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হবে। তার আগে নিশ্চিত হতে হবে তারাই জড়িত কি না।”
জেলা প্রশাসনের কর্মকর্তারা বলেন, উদ্ধার করা জ্বালানি তেল ডিজেল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
জেলা প্রশাসনের স্টাফ অফিসার মঈনুল হাসান বলেন, যারা এসব তেল মজুদ করেছে তারা আগে পোড়া তেলের ব্যবসা করতেন। সময় সুযোগ বুঝে তারা এসব তেল মজুদ করেছিল।