২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অটোরিকশা-ট্রাক সংঘর্ষ, শিশুসহ নিহত ৩

ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2024, 12:28 PM

Updated : 10 Sep 2026, 12:11 PM

চট্টগ্রামের পটিয়াতে সিএনজি চালিত অটোরিকশা ও লবণবাহী ট্রাকের সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে পটিয়া-বোয়ালখালী সড়কের মিলিটারি পুল এলাকায় হাক্কানি পেপার মিলের কাছে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- অটোরিকশার যাত্রী ৫ বছরের শিশু ফাহিম, তার ফুফু রুমি (২৫) ও অটোরিকশা চালক আনোয়ার (৫৫)।

যাত্রীদের বাড়ি পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন গ্রামে, আর চালকের বাড়ি বোয়ালখালী উপজেলার আহল্লা দরবার শরিফ এলাকায়।

পটিয়া থানার এসআই আবদুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গভীর রাতে অটো রিকশাটি যাত্রী নিয়ে পটিয়ার দিকে এবং ট্রাকটি বোয়ালখালীর দিকে যাচ্ছিল।

“অটো রিকশাটি মিলিটারি পুল থেকে সজোরে নামছিল এবং প্রায় ৮ টন লবণ বোঝাই ট্রাকটি সর্বোচ্চ গতিতে পুলে ওঠার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।”

ওই ট্রাক জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান পুলিশ কর্মকর্তা বাতেন।