২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের ওপর ‘হামলা করে’ ছিনতাইকারীর পলায়ন, ঢাকা যাওয়ার পথে ধরা

চীনা নাগরিকের কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় লোকজন আকাশ ও তার এক সহযোগীকে পিটিয়ে পুলিশে দিয়েছিল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2025, 08:35 PM

Updated : 26 Aug 2026, 02:31 PM

চট্টগ্রামে পুলিশের ওপর ‘হামলা চালিয়ে’ পালিয়ে যাওয়া ছিনতাইকারীসহ সাতজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ। 

পালিয়ে যাওয়া ছিনতাইকারীর নাম মো. ইমাম হোসেন ওরফে আকাশ (২৫)। গ্রেপ্তার অন্যরা হলেন- আকাশের ছোট ভাই মো. হোসেন (১৯), আকাশের স্ত্রী সোনিয়া আক্তার (২৪), মো. রাব্বী ওরফে ছোট আকাশ (১৯), আছমা (২৮), মো. মুন্না (২২) ও সুমাইয়া আক্তার (২৪)। 

গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পরের নিকাটাত্মীয়। 

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে বন্দর থানা এলাকায় এক চীনা নাগরিকের কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় লোকজন আকাশ ও সাজ্জাদ নামে তার এক সহযোগীকে পিটিয়ে পুলিশে দেয়। প্রাথমিক চিকিৎসা শেষে সাজ্জাদকে পুলিশ হেফাজতে নেওয়া হলেও চিকিৎসার জন্য আকাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে রাতে আকাশকে তার স্বজনরা পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নিয়ে যায়। 

আকাশের স্বজনরা এ সময় দেলোয়ার হোসেন নামে এক পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাত করে বলেও পুলিশের ভাষ্য। 

পাঁচলাইশ থানার ওসি মো. সোলায়মান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আকাশকে রাতে হাসপাতালে দেখতে গিয়েছিলেন তার ছোট ভাই মো. হোসেনসহ অন্য স্বজনরা।

“আকাশকে তার স্ত্রী বাথরুমে নিয়ে গেলে সেখানে কৌশলে তার হাতকড়া আলগা করে ফেলে। পরে সেখান থেকে বেডে আনার পর কৌশলে পালিয়ে যায়। এসময় পুলিশ তাদের ধাওয়া করলে দেলোয়ারকে তারা ছুরি দিয়ে আঘাত করে।” 

ওসি বলেন, রাতেই পাঁচলাইশ থানায় এ ঘটনায় মামলা হয়। পরে পুলিশ হাসপাতাল এলাকা, পতেঙ্গা মাইজপাড়া, চৌধুরী পাড়া এলাকায় অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে। এরপর সকাল সাড়ে ১১টার দিকে ঢাকায় পালানোর সময় সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বাস থেকে গ্রেপ্তার করা হয় আকাশ ও তার স্ত্রীকে।

মঙ্গলবার দুপুরে বন্দর থানার বন্দর অফিসার্স কলোনি গেইটের সামনে ছিনতাইয়ের শিকার হন লি শিয়াং ফোং নামে চীনা নাগরিক। এসময় ছিনতাইকারীরা তার পায়ে ছুরিকাঘাত করে মোবাইল ও মানিব্যাগ নিয়ে যায়। 

এসময় স্থানীয় লোকজন আকাশ ও সাজ্জাদকে হাতেনাতে ধরে গণপিটুনি দেয়।

নগর পুলিশের সহকারী কমিশনার (বন্দর জোন) মাহমুদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে চারজনকে আসামি করে বন্দর থানায় একটি মামলা করা হয়েছে। ওই মামলায় আকাশ ও সাজ্জাদ ছাড়া আকাশের ছোট ভাই মো. হোসেন ও রাব্বীকে আসামি করা হয়েছে। 

পুলিশ জানায়, আকাশের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় অন্তত ১২টি মামলার সন্ধান পাওয়া গেছে। বিভিন্ন সময়ে সে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাগারেও ছিলেন। তার ছোট ভাই মো. হোসেনের বিরুদ্ধে ছয়টি এবং রাব্বীর বিরুদ্ধে চারটি করে মামলা আছে।