Published : 19 Aug 2026, 10:18 PM
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরা স্থাপনের পর দেড় দিনে বিভিন্ন পরিবহনের বিরুদ্ধে ৪৭২টি মামলা হয়েছে। এর মধ্যে ক্যামেরা চালুর প্রথম দিনেই মঙ্গলবার মামলা হয়েছে ৪৩৪টি।
মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে চট্টগ্রাম সিটি গেইট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার এলাকায় ১৪২৭টি এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় এ প্রযুক্তির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দাউদকান্দি থেকে চট্টগ্রাম সিটি গেইট এলাকাটি হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের অধীনে। এ অঞ্চলে মোট ৪৫৩টি ক্যামেরা বসানো হয়েছে।
হাইওয়ে পুলিশের কর্মকর্তারা বলছেন, মহাসড়কে সবচেয়ে বেশি আইন লঙ্ঘন হয় অতিরিক্ত গতির। জাতীয় মহাসড়কগুলোতে যানবাহনের গতি সর্বোচ্চ ৮০ কিলোমিটার থাকলেও, অনেকেই সেটা মানতেন না। এআই ক্যামেরা স্থাপনের ফলে মহাসড়কে নির্ধারিত গতিসীমা অতিক্রম, অবৈধ পার্কিং, থ্রি-হুইলার চলাচল, উল্টোপথে যানবাহন চালানোসহ বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘন সহজে শনাক্ত হচ্ছে।
গত সোমবার পর্যন্ত মহাসড়কে বিভিন্ন অভিযোগে মামলা হত দৈনিক ১২০ থেকে ১৪০টির মত। এখন এআই ক্যামেরার ‘অটো ফাইন সিস্টেমের’ কারণে মামলার পরিমাণ বেড়ে গেছে। এআই ক্যামেরা চালুর প্রথম দেড় দিনে বাস, প্রাইভেট কার ও মাইক্রোবাসের বিরুদ্ধে বেশিরভাগ মামলা হয়েছে; যার মধ্যে কয়েকটি সরকারি গাড়িও রয়েছে।
হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত দেড় দিনে অতিরিক্ত গতি, অবৈধ পার্কিং ও উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে মামলা করা হয়েছে। বেশি মামলা হয়েছে মহাসড়কের কুমিল্লা দাউদকান্দি, ইলিয়টগঞ্জ, চান্দিনা, মিয়া বাজার, ফেনীর মহিপাল, চট্টগ্রামের মিরাসরাই এলাকায়।
“এআই ক্যামেরা চালুর প্রথম দিনে মঙ্গলবার রাত পর্যন্ত কুমিল্লা অঞ্চলে মামলা হয়েছে ৪৪৩টি। রাত থেকে বুধবার বিকাল ৫টা পর্যন্ত মামলা হয়েছে ৩৮টি। এর মধ্যে মঙ্গলবার ১৪ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা ও বুধবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত ১ লাখ ৩০ হাজার টাকা বিভিন্ন যানবাহনকে জরিমানা করা হয়েছে।”
অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান মনে করেন, “এআই ক্যামেরা চালুর প্রথম দিন অনেক চালকের বিষয়টি সম্পর্কে ধারণা ছিল না বা তারা জানতেন না। এ কারণে মামলার পরিমাণ বেশি ছিল। তবে চালকদের মধ্যে ধারণা চলে আসায় মামলার পরিমাণ কমে আসছে।
ট্রাফিক ব্যবস্থাপনায় এআই ক্যামেরা: কীভাবে কাজ করছে, জটিলতা কোথায়?
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা উদ্বোধন: চাঁদাবাজি বন্ধ হবে, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর