Published : 17 Aug 2026, 01:40 PM
বৃষ্টির পানিতে রেললাইনে জলাবদ্ধতা তৈরি হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুটি শাটল ট্রেন ষোলশহর স্টেশনে আটকা পড়েছে।
এর ফলে সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়মুখী শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিন সকাল ৭টা ১৫ মিনিট ও ৭টা ৪০ মিনিটে বটতলী স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে আসা ট্রেন দুটি ষোলশহর স্টেশনে গিয়ে আটকা পড়ে।
ষোলশহর স্টেশনের মাস্টার মাঈন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অক্সিজেন এলাকা থেকে একটু সামনে এখনো প্রায় ৮ ইঞ্চি পানি জমে আছে। পানি ৫ ইঞ্চিতে নেমে এলে আমরা ট্রেন চালাতে পারব।”
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক মো. কামরুল হোসেন বলেন, ট্রেন বন্ধ থাকায় শিক্ষার্থীদের নিউ মার্কেট থেকে বিশ্ববিদ্যালয়গামী ‘দ্রুতযান’ বাস ব্যবহারের পরামর্শ দিয়েছেন তারা।
“তাদের অনুরোধ করেছি, বাসগুলো যেন বসিয়ে না রেখে নিয়মিত চলাচল অব্যাহত রাখে। পথে থাকা শিক্ষার্থীরা যাতে এসব বাসে যাতায়াতের সুবিধা পায়, সে বিষয়টি তাদের জানিয়েছি। দ্রুতযান কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের পর্যাপ্ত সংখ্যক গাড়ি রয়েছে এবং মুরাদপুর এলাকাতেও গাড়ি দেওয়া হয়েছে।”