চট্টগ্রামে শিশুকে ধর্ষণ চেষ্টায় একজনের যাবজ্জীবন
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আসামি।
আট বছর আগে নগরীর পতেঙ্গা এলাকায় নয় বছর বয়সী এক মেয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার চট্টগ্রাম নারী ও শিশু মির্যাতন দমন ট্রাইবুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এ রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত আসামি মো. ফজলুল শেখ (৪৮) পতেঙ্গার কাটগড় এলাকার একটি ভবনের তত্ত্বাবধায়ক ছিলেন।
ট্রাইব্যুনালের আইনজীবী খন্দকার আরিফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় ধর্ষণ চেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় মামলার একমাত্র আসামিকে কারাদণ্ডের পাশাপাশি তিন লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আসামি ফজলুল শেখ। পরে তাকে সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ১৮ অগাস্ট বিকালে পতেঙ্গা থানা এলাকার বাসা থেকে বড় বোনের (১১) সঙ্গে ঘর থেকে বেরিয়ে চিপস কিনতে যাচ্ছিল শিশুটি (৯)।
সেসময় আসামি ফজলুল শেখ বিস্কুট দেওয়ার প্রলোভনে দুইবোনকে তার কক্ষে ডেকে নেয়। ৯ বছর বয়সী শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এসময় দুই বোন চিৎকার করে এবং পরে তারা ফজলুল শেখের সঙ্গে ধাক্কাধাক্কি করে।
চিৎকারের কারণে ফজলুল শেখ দরজা খুলে দিলে দুই বোন সেখান থেকে রক্ষা পায়। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা পতেঙ্গা থানায় মামলা করে। পরে পুলিশ ফজলুল শেখকে গ্রেপ্তার করে।
আদালতে এ মামলায় ২০১৭ সালের ৫ মার্চ আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। পাঁচজনের সাক্ষ্য গ্রহণের পর এ রায় আসে।
