২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুভেচ্ছা সফরে চট্টগ্রামে রাশিয়ান নৌবাহিনীর ২ জাহাজ

সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকরা রাশিয়ান জাহাজগুলো পরিদর্শন করবেন।

শুভেচ্ছা সফরে চট্টগ্রামে রাশিয়ান নৌবাহিনীর ২ জাহাজ
ছবি: আইএসপিআর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2026, 09:17 PM

Updated : 26 Aug 2026, 03:14 PM

চার দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রামে এসেছে রাশিয়ার নৌবাহিনীর দুটি জাহাজ।

মঙ্গলবার রেজকি ও সোভারচেনি নামের জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের চিফ স্টাফ অফিসার জাহাজ দুটির অধিনায়ক, কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। এসময় বাংলাদেশে রাশিয়ার উপ-রাষ্ট্রদূতসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এর আগে জাহাজদুটি বন্দরের জলসীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা ওমর ফারুক’ সেগুলোকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানায়।

বাংলাদেশে অবস্থানকালে সফরকারী জাহাজ দুটির অধিনায়করা এবং রাশিয়ার উপ-রাষ্ট্রদূতসহ একটি প্রতিনিধি দল চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, ডকইয়ার্ডের এরিয়া সুপারিন্টেন্ডেন্ট এবং চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। 

সফরকারী জাহাজের কর্মকর্তা ও নাবিকরা নৌবাহিনীর প্রশিক্ষণ ঘাঁটি ও জাহাজ পরিদর্শন এবং চট্টগ্রামের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করবেন। পাশাপাশি নেভাল একাডেমিতে রাশিয়ান নাবিক ইউভি রেডকিনের সমাধি রেডকিন পয়েন্টে পুষ্পস্তবক অর্পণ করবেন।

একই সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকরা রাশিয়ান জাহাজগুলো পরিদর্শন করবেন।

আইএসপিআর বলছে, এ শুভেচ্ছা সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সম্পর্ক বাড়বে। দুই দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে। 

রাশিয়ান নৌবাহিনীর জাহাজ দুটি ২৭ মার্চ বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।