Published : 05 Dec 2025, 09:24 PM
বান্দরবানের আলীকদম-পোয়ামুহুরী সড়কে পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’ এর আয়োজনে হয়ে গেল ‘আল্ট্রা ম্যারাথন’।
শুক্রবার সকালে আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয় থেকে দৌড় শুরু করেন প্রতিযোগীরা; তারা কুরুকপাতা পর্যন্ত গিয়ে পুনরায় শুরুর স্থানে ফিরে আসেন।
এবারের আয়োজনের দুই ক্যাটাগরি ৫২ কিলোমিটার ও ২৫ কিলোমিটার দৌড়ে প্রায় ৪৫০ প্রতিযোগী অংশ নেয় বলে আয়োজক সংগঠন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বান্দরবানে পাহাড়ি নদী মাতামুহুরীর পাশ ঘেঁষে নির্মিত আলীকদম-পোয়ামুহুরী সড়কটি নয়নাভিরাম। উঁচু-নিচু সড়কের মোহনীয় বাঁকের সঙ্গে যোগ হয়েছে সবুজ পাহাড়ের নৈসর্গিক শোভা। পাহাড়ি এই পথে ম্যারাথনে সদ্য কৈশোর পেরোনো তরুণদের সঙ্গে ষাটোর্ধ্ব ব্যক্তিরাও অংশ নেন।
এবারের ‘ভার্টিক্যাল ড্রিমার্স আল্ট্রা: এডিশন ৩’ ম্যারাথনের প্রতিপাদ্য ‘বন্যপ্রাণীর জন্য, পৃথিবীর জন্য’। দেশের বনাঞ্চলের বিলুপ্তপ্রায় প্রাণী সংরক্ষণের ব্যাপারে সচেতনতা তৈরিই ছিল আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

ম্যারাথনের ৫২ কিলোমিটার পর্বে চ্যাম্পিয়ন হয়েছেন- পুরুষ ক্যাটাগরিতে মো. সাজ্জাদ হোসাইন, নারী ক্যাটাগরিতে সিফাত ফাহমিদা ইতি এবং জ্যেষ্ঠ ক্যাটাগরিতে মো. আমিনুর রহমান।
২৫ কিলোমিটার পর্বে পুরুষ ক্যাটাগরিতে আবদুল্লাহ আল নোমান, নারীদের ক্যাটাগরিতে সৈয়দা ফাতেমি ওয়ারদা ও জ্যেষ্ঠ ক্যাটাগরিতে মো. আবদূর রব চ্যাম্পিয়ন হন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি আলীকদম সেনানিবাসের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিকুর রহমান বলেন, “দেশজুড়ে নানান দূরত্বের দৌড় প্রতিযোগিতাগুলো স্বাস্থ্যসচেতন মানুষদের জন্য নীরব এক বিপ্লবের সূচনা করেছে। আলীকদমের মত পাহাড়ের একটা উপজেলায় এত দৌড়বিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিঃসন্দেহে অভূতপূর্ব। দৌড় হোক সকল বয়সি মানুষের জন্য সুস্বাস্থ্যের একটি সুদৃঢ় মাধ্যম।”
ভার্টিক্যাল ড্রিমার্সের সভাপতি ও ‘রেস ডিরেক্টর’ ফরহান জামান বলেন, “প্রতি বছর নতুন কোনো চ্যালেঞ্জিং রুটে দৌড় আয়োজনের ইচ্ছা থাকে আমাদের ক্লাবের। আল্ট্রা ম্যারাথন যারা পছন্দ করেন, তারা সারা বছরই এই ইভেন্টকে মাথায় রেখে নিজেদেরকে প্রস্তুত করেন।

“পাহাড়ি পথে নিজেদের সামর্থ্যকে পরখ করে দেখার এই সুযোগ যারা নিয়েছেন, তাদেরকে ধন্যবাদ। যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে আমরা নিয়মিত এমন আয়োজন করতে চাই।”
এবারের আল্ট্রা ম্যারাথনের পৃষ্ঠপোষকতায় ছিল লিবারেল ফ্যাশন অ্যান্ড প্যাকেজিং, কালার ড্রপ, ট্রাভেল প্রো এবং কিচেন এক্সপার্ট। সার্বিক সহায়তায় ছিল আলীকদম সেনানিবাস, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, আলীকদম উপজেলা প্রশাসন ও আলীকদম থানা।
ভার্টিক্যাল ড্রিমার্স এর আগে ২০২৩ সালে আলীকদম-ডিম পাহাড় সড়কে এবং গত বছর বান্দরবান-চিম্বুক সড়কে ম্যারাথনের আয়োজন করেছিল।