বাজেটকে স্বাগত জানানোর কর্মসূচি ঘিরে সংঘর্ষ, আহত ১০
আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যানের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
নতুন অর্থবছরের বাজেটকে স্বাগত জানাতে চট্টগ্রামের আনোয়ারায় আওয়ামী লীগের দুই পক্ষের কর্মসূচি ঘিরে সংঘর্ষে পুলিশসহ অন্তত দশজন আহত হয়েছেন।
শুক্রবার বিকাল সোয়া ৪টার দিকে বন্দর সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে বলে কর্ণফুলী থানার ওসি জহির হোসেন জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নান চৌধুরীর অনুসারীরা বাজেটকে স্বাগত জানিয়ে বিকালে বন্দর কমিউনিটি সেন্টারের সামনে সমাবেশের ডাক দেয়। একই সময়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হকের অনুসারীরাও কর্মসূচি পালন করতে গেলে সংঘর্ষ বাঁধে।
আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
ওসি জহির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাজেট নিয়ে কর্মসূচিকে কেন্দ্র করে একপক্ষ আরেকপক্ষের ওপর হামলা চালায়। দুটি আলাদা জায়গায় তাদের কর্মসূচি পালনের কথা ছিল।”
সংঘর্ষে বাঁধলে পুলিশ গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে এবং এ ঘটনায় এক পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হন বলে জানান তিনি।
আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উপজেলা চেয়ারম্যানের লোকজন সন্ধ্যায় আনোয়ারার চৌমুহনি এলাকায় কর্মসূচি পালন করছিল। আর উপজেলা আওয়ামী লীগের পক্ষে বন্দর সেন্টার এলাকায় কর্মসূচি ছিল।
“ওদের (উপজেলা চেয়ারম্যান) কোনো কর্মসূচি না থাকলেও আমাদের ওপর পরিকল্পিতভাবে হামলা করে। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মান্নান চৌধুরীসহ আটজন আহত হন।”
বিষয়টি নিয়ে উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হকের বক্তব্য জানতে পারেনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
