Published : 20 Jun 2026, 08:21 PM
চট্টগ্রামের লোহাগাড়ায় নিচু জমিতে জমে থাকা পানিতে গোসল করতে নেমে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ী এলাকায় শনিবার এ ঘটনা ঘটে বলে লোহাগাড়া থানার ওসি মো. আব্দুল্লাহ জানিয়েছেন।
মো. আকসান নামের শিশুটি স্থানীয় সুখছড়ী রহমানিয়া আদর্শ দাখিল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণিতে পড়ত। বাবা মোরশেদ হোসেন ওই মাদ্রাসারই শিক্ষক।
ওসি আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আকসান সমবসয়ী বন্ধুদের সঙ্গে বাড়ির কাছে একটি মাঠে ফুটবল খেলছিল। পরে খেলা শেষে মাঠের পাশে নিচু জমিতে জমে থাকা পানিতে গোসল করতে নামলে ডুবে তার মৃত্যু হয়।
স্থানীয়দের কেউ কেউ বলছেন, এক পথচারী আকসানকে পানিতে পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির পরিবারের কোনো অভিযোগ না থাকার কথা তুলে ধরে পুলিশ বলছে, ময়নাতদন্ত ছাড়াই শিশুটির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।