২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

‘সত্যিকারের তারকা’ রাবাদাকে অস্ট্রেলিয়া সিরিজে পেতে আশাবাদী কোচ

তবে চূড়ান্ত সিদ্ধান্ত যে দলের চিকিৎকরা নিবেন, সেটাও পরিষ্কার করে দিলেন দক্ষিণ আফ্রিকা কোচ শুক্রি কনরাড।

‘সত্যিকারের তারকা’ রাবাদাকে অস্ট্রেলিয়া সিরিজে পেতে আশাবাদী কোচ

কাগিসো রাবাদার সঙ্গে কোচ শুক্রি কনরাড (বাঁয়ে)। ছবি: আইসিসি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Sep 2026, 11:28 PM

Updated : 21 Sep 2026, 11:28 PM

হ্যামস্ট্রিং চোট থেকে সেরে উঠতে পুনর্বাসনে লড়াই করছেন কাগিসো রাবাদা। এখন পর্যন্ত তার সব কিছু ভালোভাবেই এগোচ্ছে বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকা কোচ শুক্রি কনরাড। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজে তারকা এই পেসারকে তাই পাওয়ার আশায় আছেন তিনি।

অগাস্টের মাঝামাঝি দক্ষিণ আফ্রিকার অনুশীলনে ডান হ্যামস্ট্রিংয়ে চোট পান রাবাদা। যে কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি মাসের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজটির পর অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা। টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ এই সিরিজে রাবাদার খেলা নিয়ে অনিশ্চয়তা কাটেনি এখনও। তবে পরিস্থিতি বিবেচনায় আশার আলোই দেখছেন কনরাড।

আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে রাবাদার পুনর্বাসন নিয়ে ইতিবাচক কথা বললেন প্রোটিয়াদের কোচ।

“পুনর্বাসন ও তার জন্য নির্ধারিত কার্যক্রম ভালোভাবেই এগোচ্ছে। টেস্ট সিরিজে যদি তাকে না পাই, তবে আমি খুবই অবাক হব।

“সে আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। মনে হয়, সে অস্ট্রেলিয়া সিরিজের জন্য তার সেরাটা তুলে রাখে। তাই আমি বেশ আত্মবিশ্বাসী যে, কেজি (রাবাদা) খেলবে। যদিও এখনও কিছু কাজ বাকি আছে।”

আগামী ৯ অক্টোবর শুরু হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ। ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের এক বছরের বেশি সময় পর এই সংস্করণে মুখোমুখি হতে যাচ্ছে দল দুটি। লর্ডসে সেই ফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স হয়েছিল প্রোটিয়ারা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন পর্যন্ত ১১টি টেস্ট খেলে ২১.৩৯ গড়ে ৫৮ উইকেট নিয়েছেন রাবাদা। ২০২৫ সালের জুনে অনুষ্ঠিত ফাইনালে ৯ উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি।

আরও কিছুদিন চিকিৎসা ও পুনর্বাসন চলার পর রাবাদার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে বলে জানিয়েছেন কনরাড। সামনে ব্যস্ত মৌসুম থাকায় তার ফিটনেস নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না দল।

“আমার মনে হয়, এই সপ্তাহের শেষের দিকে কোনো একসময় (রাবাদা সম্পর্কে) ভালো ধারণা পাব। তখন তার কয়েক সপ্তাহের নিবিড় চিকিৎসা ও পুনর্বাসন হয়ে যাবে। এখন পর্যন্ত সবকিছুই ভালো দেখাচ্ছে।

“তবে কেজি (রাবাদা) সত্যিকারের একজন তারকা। সে সাধারণত অন্যদের তুলনায় দ্রুত সেরে ওঠে। আমি খুবই আশাবাদী। তবে মেডিকেল দলের সিদ্ধান্তের ওপর নির্ভর করছি। চিকিৎসার বিষয়ে আমার আশাবাদের আসলে কোনো মূল্য নেই।”