২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

‘আউট অব দা বক্স’ কিছুর ভাবনায় এশিয়ান গেমসের দলে আলিস

প্রতিপক্ষকে চমকে দেওয়ার ভাবনা থেকে এশিয়ান গেমসের দলে নেওয়া হলো এই রহস স্পিনারকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Sep 2026, 06:03 PM

Updated : 23 Sep 2026, 06:03 PM

পেস বোলিং অলরাউন্ডারের বদলি হিসেবে একই ঘরানার একজন ক্রিকেটারের কথাই শুরুতে ভাবছিলেন নির্বাচকরা। কিন্তু জাপানের উইকেট দেখে তাদের মনে হলো, বাড়তি একজন স্পিনার নেওয়া প্রয়োজন। সেখানে তাদের ভাবনায় এলো এমন স্পিনারের কথা, প্রতিপক্ষের জন্য যিনি হতে পারেন চমক। চোটে পড়া মোহাম্মদ সাইফ উদ্দিনের বদলি হিসেবে এভাবেই এশিয়ান গেমসের বাংলাদেশ দলে জায়গা করে নিলেন আলিস আল ইসলাম।

হ্যামস্ট্রিংয়ে টান লাগায় সাইফের ছিটকে পড়ার খবর জানানো হয়েছিল আগেই। বিসিবি বুধবার জানায়, এই অলরাউন্ডারের বদলি হিসেবে নেওয়া হয়েছে আলিসকে।

আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ এখনও পাননি ২৯ বছর বয়সী স্পিনার। ২০২৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের বাংলাদেশ টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছিলেন তিনি। কিন্তু চোটের কারণে ছিটকে পড়েন দ্রুতই।

এশিয়ান গেমসের দলে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ, অফ স্পিনার শেখ মেহেদী হাসান ও লেগ স্পিনার রিশাদ হোসেন আছেন। তার পরও আরেকজন স্পিনার নেওয়ার কারণ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ব্যাখ্যা করলেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার।

“সাইফ উদ্দিনের বদলি হিসেবে সত্যি বলতে আমরা রিপন মন্ডলের কথাই ভেবেছিলাম। তবে নারী ক্রিকেটের খেলাগুলো দেখে মনে হলো, ওখানকার উইকেটে পেসারদের জন্য সহায়তা কমই থাকবে। রিপনকে নিলে হয়তো খেলার সুযোগই পাবে না। এর চেয়ে একজন স্পিনার নেওয়াই ভালো মনে হয়েছে আমাদের।

যদিও তিনজন স্পিনার স্কোয়াডে ছিলই। তার পরও আউট অব দা বক্স কিছু করার ভাবনা থেকে আলিসকে নিয়ে আমরা। একজন রহস্য স্পিনার, অন্য দলগুলি যাকে আগে দেখেনি, কোনো ম্যাচে প্রতিপক্ষকে চমকে দিতে চাইলে আলিসকে কাজে লাগানো যাবে। প্রতিপক্ষের জন্য একটা সারপ্রাইজ হতে পারে ও।”

বোলিং অ্যাকশনে সমস্যার কারণে একসময় ভুগতে হয়েছে আলিসকে। আরও বেশি ভুগেছেন চোটে। একের পর এক চোট ছিলই। তবে সাম্প্রতিক সময়ে আগের চেয়ে তাকে ফিট মনে হয়েছে। গত ঢাকা প্রিমিয়ার লিগে ১০ ম্যাচে ২৪ উইকেট নিয়ে তিনি ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারি। কদিন আগে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে একদিনের ম্যাচে দারুণ বোলিংয়ে উইকেট নিয়েছেন তিনটি।

সামগ্রিকভাবে তাকে এখন প্রস্তুত করছেন প্রধান নির্বাচক।

“দক্ষিণ আফ্রিকায় পাঠানোর আগে আমরা ওকে বলে দিয়েছিলাম, ফিটনেস ও ফিল্ডিং নিয়ে কাজ করতে হবে। এখনও উন্নতির অনেক জায়গা আছে। তবে কাজ করে অনেক উন্নতিও করেছে। দক্ষিণ আফ্রিকার ম্যাচটিতে খুব ভালো বোলিং করেছে, ব্যাটসম্যান ওর বল পড়তে হিমশিত খাচ্ছিল। সব মিলিয়ে মনে হয়েছে, ওকে সুযোগ দেওয়া যায়।”

এশিয়ান গেমসে খেলতে বাংলাদেশ দল ঢাকা ছাড়বে বৃহস্পতিবার রাতে।

এশিয়ান গেমসে বাংলাদেশ স্কোয়াড:

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলি চৌধুরি, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, আলিস আল ইসলাম।